- ১২ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান অভিনীত আসন্ন চলচ্চিত্র ‘রকস্টার’ নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছেই। এবার জানা গেল, সিনেমাটির এক্সক্লুসিভ স্ট্রিমিং পার্টনার হিসেবে যুক্ত হয়েছে চরকি। বিষয়টি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে চলচ্চিত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা ‘রকস্টার’-এ এবার ভিন্ন এক চরিত্রে দেখা যাবে শাকিব খানকে। অ্যাকশন বা গ্যাংস্টার ঘরানার বাইরে গিয়ে তিনি অভিনয় করেছেন একজন পেশাদার সংগীতশিল্পীর ভূমিকায়। চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে নিজের শারীরিক গঠন ও উপস্থিতিতেও পরিবর্তন এনেছেন এই অভিনেতা।
গত ৫ মে প্রকাশিত টিজারে নতুন লুকে হাজির হয়ে দর্শকদের মধ্যে আলোচনার জন্ম দেন শাকিব খান। টিজার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে এটি ব্যাপক সাড়া ফেলে।
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ভালো গল্প ও মানসম্মত নির্মাণকে দর্শকের কাছে পৌঁছে দিতে তারা সবসময় কাজ করছেন। সেই ধারাবাহিকতায় ‘রকস্টার’-এর সঙ্গে যুক্ত হওয়া হয়েছে।
চলচ্চিত্রটির পরিচালক আজমান রুশো জানান, দর্শকের কাছে কনটেন্ট পৌঁছে দেওয়ার ক্ষেত্রে চরকি বর্তমানে একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। তাই সিনেমাটির ডিজিটাল পার্টনার হিসেবে তাদেরই বেছে নেওয়া হয়েছে।
সিনেমাটির নির্বাহী প্রযোজক অজয় কুমার কুন্ডুর ভাষ্য, প্রেক্ষাগৃহে মুক্তির পর দেশ-বিদেশের বৃহৎ দর্শকগোষ্ঠীর কাছে সিনেমাটি পৌঁছে দিতেই ওটিটি প্ল্যাটফর্মকে গুরুত্ব দেওয়া হয়েছে।
‘রকস্টার’-এর গান ও সংগীতেও থাকছে বিশেষ চমক। ছবির বেশিরভাগ গানের কথা ও সুর করেছেন আহমেদ হাসান সানি। সংগীত পরিচালনায় রয়েছেন জাহিদ নিরব। এছাড়া গান লিখেছেন রাজীব হাসান, হাসান রোবায়েত ও অংকন।
নির্মাতাদের দাবি, একজন সংগীতশিল্পীর সংগ্রাম, উত্থান-পতন ও বাস্তব জীবনের অভিজ্ঞতার গল্প নিয়েই তৈরি হয়েছে সিনেমাটি। পরিচালক আজমান রুশো জানান, সংগীতজগতের সঙ্গে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাও গল্প নির্মাণে প্রভাব ফেলেছে।
আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তির পর ‘রকস্টার’ দেখা যাবে চরকির অ্যাপ ও ওয়েবসাইটে। তবে ওটিটিতে মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।