Friday, May 22, 2026

ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শুরু, শনিবারও খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়


প্রতীকী ছবিঃ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হচ্ছে রবিবার থেকে। তবে ছুটি শুরুর সময়সূচি নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছিল সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে। শেষ পর্যন্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন নির্দেশনায় জানানো হয়েছে, শনিবারও প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস ও অন্যান্য কার্যক্রম চলবে।

সাপ্তাহিক ছুটির কারণে শুক্রবার ও শনিবার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান কার্যত বন্ধ থাকলেও প্রাথমিক বিদ্যালয়গুলো নিয়ে আলাদা সিদ্ধান্তের প্রয়োজন দেখা দেয়। রমজান মাসে দীর্ঘ ছুটির কারণে পাঠদানের ঘাটতি পূরণে আগে থেকেই কয়েকটি শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছিল। সে হিসাব অনুযায়ী, ২৩ মে শনিবার বিদ্যালয় খোলা রাখার বিষয়টি সামনে আসে।

এদিকে একই সময়ে বিদ্যালয়ের মিড-ডে মিল কার্যক্রম নিয়ে দেওয়া নির্দেশনায় ২২ মে থেকে খাবার বিতরণ বন্ধ রাখার কথা উল্লেখ থাকায় শিক্ষক ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। দিনভর আলোচনা চলার পর বিষয়টি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের জন্য পাঠানো হয়।

পরে Directorate of Primary Education এক আদেশে জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রজ্ঞাপন অনুযায়ী ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, এই নির্দেশনার অর্থ হলো শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে এবং ওই দিন নিয়মিত পাঠদানসহ অন্যান্য কার্যক্রম পরিচালিত হবে।

শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, রমজানের ছুটিজনিত পাঠঘাটতি পূরণ এবং নির্ধারিত শিক্ষা কার্যক্রম শেষ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন