- ২২ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার্থীদের জন্য ক্লাসে উপস্থিতি ও ইনকোর্স পরীক্ষার নম্বর বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত উপস্থিতি ও ইনকোর্স নম্বর অর্জনে ব্যর্থ হলে শিক্ষার্থীরা চূড়ান্ত ফরমপূরণের সুযোগ পাবে না।
বৃহস্পতিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের ইনকোর্স পরীক্ষার জন্য মোট ১৫ শতাংশ এবং ক্লাসে উপস্থিতির জন্য ৫ শতাংশ নম্বর নির্ধারণ করা হয়েছে। তবে উপস্থিতির ক্ষেত্রে ৫ নম্বরের মধ্যে কমপক্ষে ৩ নম্বর অর্জন বাধ্যতামূলক করা হয়েছে। এর কম নম্বর পেলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে পরীক্ষার ফরমপূরণের জন্য অযোগ্য বিবেচনা করা হবে।
বিশ্ববিদ্যালয়ের নির্দেশনায় আরও বলা হয়েছে, একজন শিক্ষার্থীকে নিয়মিত ক্লাসে অন্তত ৬০ শতাংশ উপস্থিত থাকতে হবে। পাশাপাশি দুইটি ইনকোর্স পরীক্ষার গড় নম্বর ৪০ শতাংশের নিচে হলে সেই শিক্ষার্থীও ফরমপূরণের সুযোগ হারাবে।
বিজ্ঞপ্তিতে কলেজ কর্তৃপক্ষকে নির্ধারিত সময়ের মধ্যে প্রথম ও দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। পরে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর গড় করে অনলাইনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হবে।
এ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে ইনকোর্স নম্বর অনলাইনে এন্ট্রি না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নাম সম্ভাব্য ফরমপূরণ তালিকায় অন্তর্ভুক্ত হবে না বলেও সতর্ক করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত ক্লাসে অংশগ্রহণ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে আরও সক্রিয় করতে এই কড়াকড়ি আরোপ করা হয়েছে।