- ১৭ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এ নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হওয়া এ সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে পাঁচজন পুলিশ সদস্যও রয়েছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ড. মোহাম্মদ ইকবাল কে ডুয়েটের নতুন ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিয়ে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করে সরকার। তবে এ নিয়োগ প্রত্যাখ্যান করে আসছেন সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ। বৃহস্পতিবার রাত থেকেই তারা বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছিলেন।
রোববার সকালে ‘লাল কার্ড’ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় জড়ো হন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষের সময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, বহিরাগত কিছু ব্যক্তি তাদের ওপর হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন এবং অন্তত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দাবি করেন আন্দোলনকারীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, ডুয়েটের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকে নিয়োগ দেওয়া উচিত। তাদের মতে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কাঠামো, প্রশাসনিক বাস্তবতা ও একাডেমিক পরিবেশ সম্পর্কে নিজস্ব শিক্ষকদের অভিজ্ঞতা বেশি থাকায় অভ্যন্তরীণ নেতৃত্বই প্রতিষ্ঠান পরিচালনায় কার্যকর ভূমিকা রাখতে পারে।
অন্যদিকে গাজীপুর সদর থানা এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সমস্যা সমাধানে পুলিশ, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে আলোচনা চলছে।
দুপুরের দিকে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং পরিস্থিতি শান্ত করতে প্রশাসনের পক্ষ থেকে সমঝোতার উদ্যোগ নেওয়া হয়।