- ১৭ জুলাই, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ফেনী
ফেনীর পুরাতন মুহুরীগঞ্জ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারাপারের সময় যাত্রীবাহী বাসের চাপায় নাজমা আক্তার নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমা আক্তারের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার সমিতি বাজার এলাকায় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে নাজমা আক্তার মহাসড়ক পার হয়ে পুরাতন মুহুরীগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় ফেনী থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে পুলিশকে খবর দেন। পরে ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় আহত নাজমাকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
ফাজিলপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবু নোমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এ দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। একই সঙ্গে ব্যস্ত এই মহাসড়কে পথচারীদের নিরাপদ পারাপার নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।