Tuesday, February 10, 2026

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের পদত্যাগ


ছবিঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের সিদ্ধান্ত প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, “আমি সরে দাঁড়াচ্ছি, যেন নির্বাচিত রাজনৈতিক সরকার তাদের মতো করে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাজাতে পারে।” তবে তিনি এই মুহূর্তে দায়িত্ব ছাড়ছেন না। আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র এখনও জমা দেননি এবং নতুন নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পরও প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতে কিছুদিন দায়িত্ব পালন করবেন।

ড. নিয়াজ আহমদ খান পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, নির্বাচিত সরকার যেন তাদের কর্মপরিকল্পনা অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পুনর্বিন্যস্ত করতে পারে, সে জন্য তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, নতুন প্রশাসন দায়িত্ব গ্রহণের সময় তাঁর সর্বোচ্চ সহযোগিতা পাবে।

এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১০ আগস্ট তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল পদত্যাগ করেন। পরবর্তীতে ২৭ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানকে সাময়িকভাবে উপাচার্য হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি ও চ্যান্সেলর।

উপাচার্য পদত্যাগ সংক্রান্ত এই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকাণ্ডে নির্বাচন-পরবর্তী সময়ে একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন