- ১১ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
রাজধানীতে অনুষ্ঠিত ‘পাকিস্তান-বাংলাদেশ জ্ঞান বিনিময় করিডর’ ও ‘এডুকেশন এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেছেন, দেশে উচ্চশিক্ষার বিস্তার ঘটাতে সরকার নতুন বিশ্ববিদ্যালয় অনুমোদনের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছে। বর্তমানে পরিচালিত ১১৬টি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আরও কয়েকটি নতুন বিশ্ববিদ্যালয় অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।
সোমবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, উচ্চশিক্ষার মানোন্নয়ন এখন সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি জানান, বিদ্যমান বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৫৭টি প্রতিষ্ঠান ইতোমধ্যে মানসম্মত শিক্ষা প্রদানে ইতিবাচক অবস্থানে রয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শিক্ষা, গবেষণা এবং জ্ঞান বিনিময়ের গুরুত্ব তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, দুই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়লে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার সুযোগ পাবে। তিনি বাংলাদেশের শিক্ষার্থীদের পাকিস্তানে উচ্চশিক্ষার সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।
মন্ত্রী আরও বলেন, পাকিস্তানের বেশ কিছু বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশের শিক্ষার্থীরা সেখানে উচ্চশিক্ষার সুযোগ পেতে পারে এবং এ ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে। অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা বিনামূল্যেও পড়াশোনার সুযোগ পেতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার বলেন, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। তিনি জানান, ঢাকা ছাড়াও রাজশাহী, রংপুর, সিলেট ও চট্টগ্রামে পর্যায়ক্রমে ১০ দিনব্যাপী ‘পাকিস্তান-বাংলাদেশ এডুকেশন এক্সপো’ আয়োজন করা হবে।
রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে উচ্চশিক্ষা ও গবেষণায় নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরি হবে। এই আয়োজন শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে শিক্ষাবিদ, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, কূটনীতিক ও শিক্ষার্থীরা অংশ নেন। আয়োজকেরা জানান, এক্সপোতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি, বৃত্তি ও গবেষণা কার্যক্রম সম্পর্কে সরাসরি তথ্য জানার সুযোগ পাচ্ছেন।