Saturday, May 30, 2026

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু


ছবিঃ হামের সংক্রমণে বিপর্যস্ত শিশুরা; গত আড়াই মাসে আক্রান্ত প্রায় ৭০ হাজার।(সংগৃহীত)

পিএনএন নিউজ ডেস্ক 

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) হামের উপসর্গে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৬ জন শিশু।

শনিবার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত হালনাগাদ হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকায় তিনজন, সিলেটে দুজন, চট্টগ্রামে একজন এবং ময়মনসিংহে দুজন শিশুর মৃত্যু হয়েছে। এসব মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৪৯৩ শিশু। এছাড়া হাম শনাক্ত হওয়ার পর মৃত্যুবরণ করেছে আরও ৯০ শিশু। সব মিলিয়ে চলমান প্রাদুর্ভাবে দেশে শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৩ জনে।

একই সময়ে দেশে মোট ৬৯ হাজার ৬১২ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। তাদের মধ্যে ৫৫ হাজার ৭০৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫২ হাজার ৫০ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৮ হাজার ৯৯৬ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের বিস্তার রোধে টিকাদান কর্মসূচি আরও জোরদার করা, আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি। বিশেষ করে শিশুদের নিয়মিত টিকা নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

এদিকে, পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তর দেশের বিভিন্ন অঞ্চলে নজরদারি বৃদ্ধি এবং চিকিৎসাসেবা সম্প্রসারণের উদ্যোগ অব্যাহত রেখেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন