Saturday, May 30, 2026

বুদাপেস্টে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল: ইতিহাস গড়ার সুযোগ আর্সেনালের, আধিপত্য ধরে রাখতে চায় পিএসজি


ছবিঃ চলতি মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের ড্র অনুষ্ঠানের আগে প্রদর্শিত চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি।(সংগৃহীত: মোহাম্মদ বাদরা/ইপিএ)

স্পোর্টস ডেস্ক | পিএনএন নিউজ

ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০২৫-২৬ মৌসুমের শিরোপা নির্ধারণী লড়াই অনুষ্ঠিত হবে শনিবার (৩০ মে)। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় মুখোমুখি হবে ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি) এবং ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন চ্যাম্পিয়ন আর্সেনাল।

গত মৌসুমে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করা পিএসজি এবার সেই সাফল্য ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামছে। অন্যদিকে, ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপের সেরা ক্লাব হওয়ার স্বপ্ন দেখছে আর্সেনাল।

ফাইনালে ওঠার পথ

চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে পিএসজির শুরুটা খুব একটা স্বস্তিদায়ক ছিল না। ৩৬ দলের মধ্যে ১১তম স্থানে থেকে নকআউট পর্বে পৌঁছাতে প্লে-অফ খেলতে হয় তাদের। এরপর মোনাকো, চেলসি ও লিভারপুলকে পরাজিত করে সেমিফাইনালে ওঠে দলটি। শেষ চারে বায়ার্ন মিউনিখকে নাটকীয় লড়াইয়ে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে লুইস এনরিকে শিষ্যরা।

অন্যদিকে, আর্সেনাল ছিল টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দল। লিগ পর্বের আটটি ম্যাচের সবকটিতেই জয় তুলে নিয়ে শীর্ষে থেকে শেষ ষোলো নিশ্চিত করে তারা। পরে বায়ার লেভারকুসেন, স্পোর্টিং লিসবন এবং আতলেতিকো মাদ্রিদকে বিদায় করে ফাইনালে পৌঁছায় মিকেল আর্তেতার দল। এখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত রয়েছে ‘গানার্স’রা।

দুই দলের সাম্প্রতিক সাফল্য

পিএসজি চলতি মৌসুমে টানা পঞ্চমবারের মতো ফরাসি লিগ ওয়ানের শিরোপা জিতেছে। অপরদিকে, দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হয়েছে আর্সেনাল।

দুই দলই ঘরোয়া লিগে শিরোপা জয় করে ইউরোপের মঞ্চে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। ফলে ফাইনালকে ঘিরে সমর্থকদের আগ্রহ তুঙ্গে।

পূর্বের পরিসংখ্যান

চ্যাম্পিয়ন্স লিগে এটি হবে দুই দলের অষ্টম মুখোমুখি লড়াই। আগের সাত ম্যাচে দুই দলই দুটি করে জয় পেয়েছে। বাকি ম্যাচগুলো ড্র হয়েছে।

গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে পিএসজির কাছে হেরে বিদায় নিয়েছিল আর্সেনাল। তবে একই মৌসুমের লিগ পর্বে লন্ডনে ২-০ গোলে জয় পেয়েছিল ইংলিশ ক্লাবটি।

দলীয় খবর

পিএসজির তারকা ফরোয়ার্ড উসমান দেম্বেলে কাফ ইনজুরির কারণে কিছুটা অনিশ্চয়তায় থাকলেও ফাইনালে তার খেলার সম্ভাবনা রয়েছে। এছাড়া আক্রাফ হাকিমি ও গোলরক্ষক লুকাস শেভালিয়েরের ফিটনেস নিয়েও কিছুটা শঙ্কা রয়েছে।

অন্যদিকে আর্সেনালের ডিফেন্ডার জুরিয়েন টিম্বার ও বেন হোয়াইট ইনজুরির কারণে ফাইনালে খেলতে পারবেন না। তবে বুকোয়ো সাকা, মার্টিন ওদেগার্ড ও ডেকলান রাইসদের নিয়ে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে আর্তেতার দল।

সম্ভাব্য একাদশ

পিএসজি: সাফোনভ; জাইরে-এমেরি, মারকিনিওস, পাচো, নুনো মেন্দেস; নেভেস, ভিতিনিয়া, ফাবিয়ান রুইস; দেজিরে দুয়ে, উসমান দেম্বেলে, খভিচা কাভারাতস্কেলিয়া।

আর্সেনাল: দাভিদ রায়া; মোসকেরা, সালিবা, গ্যাব্রিয়েল, হিনকাপিয়ে; লুইস-স্কেলি, ডেকলান রাইস; বুকোয়ো সাকা, মার্টিন ওদেগার্ড, লিয়ান্দ্রো ট্রোসার্ড; ভিক্টর গিওকেরেস।

একদিকে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে নামছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি, অন্যদিকে প্রথম ইউরোপ সেরা হওয়ার স্বপ্নে বিভোর আর্সেনাল। তাই বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় ফুটবলপ্রেমীরা উপভোগ করতে যাচ্ছেন দুই শীর্ষ দলের এক মহারণ, যেখানে নির্ধারিত হবে ইউরোপের নতুন রাজা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন