Thursday, September 24, 2026

দাউদকান্দি থানায় আটক কিশোরদের পালানোর ঘটনায় চাঞ্চল্য


ছবিঃ থানার দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। কুমিল্লা

কুমিল্লার দাউদকান্দি মডেল থানায় কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত থাকার সন্দেহে আটক কিশোরদের মধ্যে ১৭ জন পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে থানার ভেতরে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বুধবার দিনভর দাউদকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ২৮ জন কিশোরকে আটক করা হয়। পরে তাদের থানার একটি নির্দিষ্ট কক্ষে রাখা হয়।

স্থানীয়দের দাবি, রাতের দিকে ওই কক্ষে থাকা কয়েকজন কিশোর হঠাৎ দরজা ভেঙে বেরিয়ে আসে। এ সময় কক্ষে থাকা কয়েকটি প্লাস্টিকের চেয়ারও ভাঙচুর করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে আটক কিশোরদের মধ্যে ১৭ জন থানা থেকে পালিয়ে যায় বলে খবর ছড়িয়ে পড়ে।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে থানার ভেতরের কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে একটি কক্ষের ভাঙা দরজা ও কয়েকটি প্লাস্টিকের চেয়ার পড়ে থাকতে দেখা যায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

তবে থানায় ভাঙচুর এবং আটক কিশোরদের দলবদ্ধভাবে পালিয়ে যাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম।

তিনি বলেন, ‘থানায় কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি। কয়েকজন সন্দেহভাজন কিশোরকে আটক করার পর তাদের পরিবারের সদস্যরা থানায় এসে ভিড় করেন। এ সময় কয়েকজন চলে যায়। পরে তাদের আবার আটক করা হয়েছে।’

ওসি আরও জানান, কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আটক ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং স্থানীয়দের বক্তব্যের পর থানার নিরাপত্তা ও আটক ব্যক্তিদের হেফাজত ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন