Thursday, September 24, 2026

মোহনপুরে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবাকেও হাসুয়ার কোপ


ছবিঃ ছেলে আমিনুল ইসলাম (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। রাজশাহী

রাজশাহীর মোহনপুরে পারিবারিক বিরোধের জেরে মাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে আমিনুল ইসলামের (৩২) বিরুদ্ধে। এ সময় স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে গেলে বাবাকেও কুপিয়ে গুরুতর আহত করেন তিনি। ঘটনার পর অভিযুক্ত আমিনুলকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম জান্নাতুন বেগম (৫৫)। আহত তাঁর স্বামী মুজিব সরদারকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, আমিনুল ইসলাম মাদকাসক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। মাদক সেবনকে কেন্দ্র করে তিনি প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে ঝামেলায় জড়াতেন। পরিবারের পক্ষ থেকে তাঁকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলেও পরিস্থিতির স্থায়ী কোনো সমাধান হয়নি।

ঘটনার রাতে আমিনুল হাতে হাসুয়া নিয়ে তাঁর মা জান্নাতুন বেগমের ওপর হামলা চালান বলে অভিযোগ। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

মাকে বাঁচাতে এগিয়ে গেলে আমিনুল তাঁর বাবা মুজিব সরদারের ওপরও হামলা চালান। হাসুয়ার আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত রামেক হাসপাতালে নিয়ে যান।

ঘটনার খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জান্নাতুন বেগমের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, ঘটনার পর আমিনুল ইসলামকে আটক করেছে মোহনপুর থানা পুলিশ। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মামলা দায়েরের পর তাঁকে আদালতে পাঠানো হবে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার প্রকৃত কারণ ও হামলার পেছনে পারিবারিক বিরোধের বিস্তারিত বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন