Thursday, July 2, 2026

ডাকসুর উদ্যোগে স্থাপিত ২১টি এসি অচল, বিদ্যুৎ সংযোগ না দেওয়ার কারণ জানাল বিশ্ববিদ্যালয় প্রশাসন


ছবিঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ডাকসুর বসানো এসি (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)–এর উদ্যোগে কেন্দ্রীয় মসজিদে স্থাপিত ২১টি ৫ টন ক্ষমতাসম্পন্ন এসি এখনও চালু হয়নি। বিদ্যুৎ সংযোগ না থাকায় এসব এসি ব্যবহার অনুপযোগী অবস্থায় পড়ে রয়েছে। এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, মসজিদ ভবনে এসি পরিচালনার জন্য প্রয়োজনীয় বৈদ্যুতিক সাব-স্টেশন কিংবা উপযোগী সার্ভিস ক্যাবল অবকাঠামো নেই। বিদ্যমান সাব-স্টেশনের সক্ষমতাও একসঙ্গে ২১টি উচ্চক্ষমতার এসি চালানোর জন্য পর্যাপ্ত নয়।

প্রশাসনের মতে, এ অবস্থায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হলে অতিরিক্ত লোডের কারণে অগ্নিকাণ্ডসহ বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে। এতে আশপাশের গুরুত্বপূর্ণ ভবন যেমন কেন্দ্রীয় লাইব্রেরি ও সামাজিক বিজ্ঞান ভবনের বিদ্যুৎ সরবরাহও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এসব কারণেই আপাতত এসিগুলোর সংযোগ দেওয়া সম্ভব হয়নি বলে জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ভবনে নতুন যন্ত্রপাতি স্থাপন বা কাঠামোগত পরিবর্তনের আগে নির্ধারিত অনুমোদন প্রক্রিয়া অনুসরণ করা বাধ্যতামূলক। সংশ্লিষ্ট অবকাঠামোর বৈদ্যুতিক সক্ষমতা যাচাই না করে কোনো ধরনের স্থাপন কাজ করা নিয়মবহির্ভূত বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রশাসনের ভাষ্য অনুযায়ী, কেন্দ্রীয় মসজিদে এসি স্থাপনের আগে প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি এবং বিদ্যমান সাব-স্টেশনের সক্ষমতা যাচাইও করা হয়নি। একই সঙ্গে এ প্রকল্পের ব্যয় ও আর্থিক হিসাব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাখিল করা হয়নি বলেও জানানো হয়েছে।

এদিকে কেন্দ্রীয় মসজিদ সংস্কার ও উন্নয়ন নিয়ে তুরস্কের একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলমান রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তবে মসজিদ পুনর্নির্মাণে ৪৫০ কোটি টাকার বরাদ্দ নিশ্চিত হয়েছে এ ধরনের প্রচার সঠিক নয় বলে স্পষ্ট করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বর্তমানে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোচনা চলছে। শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে প্রকল্প বাস্তবায়ন ও অবকাঠামোগত প্রস্তুতি নিয়ে প্রশ্নও উঠেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন