Tuesday, June 16, 2026

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আবারও পুশইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় ব্যর্থ বিএসএফ


ছবিঃ রোকনপুর সীমান্ত (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে এক নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি সদস্য ও স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে ওই নারীকে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।

সোমবার (১৫ জুন) রাতে রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। সীমান্ত পিলার ২২৫/৩-আর সংলগ্ন এলাকায় নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) দায়িত্বপূর্ণ অঞ্চলে এ অপচেষ্টার ঘটনা ঘটে বলে জানা গেছে।

বিজিবি সূত্রে জানা যায়, ভারতের ৮৮ ব্যাটালিয়ন বিএসএফের আর কে ওয়াদা ক্যাম্পের সদস্যরা কয়েকজন জেলের সহায়তায় নৌকাযোগে এক নারীকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা করে। বিষয়টি নজরে আসার পর বিজিবি দ্রুত ঘটনাস্থলে অবস্থান নেয় এবং স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, সীমান্তে সন্দেহজনক গতিবিধি শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। বিজিবির অবস্থান ও কঠোর নজরদারির কারণে পুশইনের প্রচেষ্টা সফল হয়নি। পরবর্তীতে সংশ্লিষ্ট নারীকে সীমান্তের শূন্যরেখা বরাবর ভারতের দিকে ফিরিয়ে নেওয়া হয়।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে এবং যেকোনো ধরনের অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

উল্লেখ্য, একই সীমান্ত দিয়ে এর আগেও ১৩ জুন ভোরে ১৫ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। সে সময়ও বিজিবির কঠোর অবস্থানের মুখে পরিকল্পনা ভেস্তে যায় এবং বিএসএফ তাদের ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়।

সীমান্তে পরপর এমন ঘটনার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করার পাশাপাশি এ ধরনের ঘটনা বন্ধে প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন