Saturday, June 6, 2026

চাঁদপুরে এনসিপিতে যোগ দিলেন চার মুক্তিযোদ্ধাসহ দুই শতাধিক নেতাকর্মী


ছবিঃ এনসিপিতে যোগ দিলেন ৪ মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন দলের ২০০ নেতাকর্মী (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। চাঁদপুর

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক অনুষ্ঠানে চারজন বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক দলটিতে যোগ দিয়েছেন। ঈদ পুনর্মিলনী ও যোগদান কর্মসূচিকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

শুক্রবার ছেংগারচর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। আয়োজকদের দাবি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি একটি বড় রাজনৈতিক সমাবেশের রূপ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। এছাড়া দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ নিজামউদ্দিন, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দেন।

দলীয় সূত্র জানায়, বিএনপি, গণঅধিকার পরিষদ, আপ বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা এদিন আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

অনুষ্ঠানের একটি উল্লেখযোগ্য দিক ছিল চারজন বীর মুক্তিযোদ্ধার এনসিপিতে সম্পৃক্ত হওয়া। তারা হলেন আবু বকর সিদ্দিক, ওসমান গনি, রমিজ উদ্দিন এবং মোহাম্মদ আলী। তাঁদের মধ্যে একজন মুক্তিযুদ্ধের সময় কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বলে আয়োজকরা জানান।

বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের অধিকার প্রতিষ্ঠা, তরুণ নেতৃত্বের বিকাশ এবং জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। একই সঙ্গে নবাগত নেতাকর্মীদের জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন ছাত্রশক্তি, যুবশক্তি, নারীশক্তি ও শ্রমিকশক্তির নেতাকর্মীদের পাশাপাশি কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দলটির নেতারা আশা প্রকাশ করেন, নতুন সদস্যদের অংশগ্রহণ সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং এলাকায় তাদের রাজনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে ভূমিকা রাখবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন