- ১২ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
দেশের ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন মোস্তাকুর রহমান। তিনি বলেছেন, অনিয়ম, দুর্নীতি ও অর্থ লুটপাটের মাধ্যমে ব্যাংকিং খাতকে ক্ষতিগ্রস্ত করেছে—এমন ব্যক্তি বা গোষ্ঠী ভবিষ্যতে আর কোনো ব্যাংকের মালিকানা কিংবা পরিচালনায় যুক্ত হতে পারবে না।
সম্প্রতি এক বক্তব্যে গভর্নর জানান, ব্যাংক রেজুলেশন আইনের ১৮(ক) ধারা অনুযায়ী ব্যাংক খাতে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অতীতে যারা ব্যাংকের অর্থ আত্মসাৎ বা আর্থিক অনিয়মের মাধ্যমে খাতটিকে দুর্বল করেছে, তাদের জন্য ব্যাংক পরিচালনার পথ স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।
তিনি আরও বলেন, দুর্বল ব্যাংকগুলোকে টেকসই ও কার্যকর করতে যে একীভূতকরণ প্রক্রিয়া চালু করা হয়েছে, তা ভবিষ্যতেও বহাল থাকবে। একীভূত হওয়া ব্যাংকগুলোকে আবার আলাদা করার কোনো সুযোগ নেই বলেও স্পষ্ট করেন তিনি।
গভর্নরের মতে, ব্যাংক মার্জারের মাধ্যমে মূলধন শক্তিশালী করা, পরিচালনায় স্বচ্ছতা আনা এবং আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদে এটি দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
ব্যাংকিং বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের এই অবস্থান খাতে জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ব্যাংক খাতে ঋণ কেলেঙ্কারি, অনিয়ম ও খেলাপি ঋণ বৃদ্ধির প্রেক্ষাপটে এমন কঠোর বার্তা আমানতকারীদের মধ্যে আস্থা তৈরিতে সহায়ক হবে।
বাংলাদেশ ব্যাংকের এই ঘোষণা আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ভবিষ্যতে অনিয়ম রোধে বড় ধরনের নীতিগত বার্তা হিসেবে দেখা হচ্ছে।