Thursday, September 10, 2026

বুমরাকে ফুটবলার বলায় বিতর্কের ঝড়, প্রকাশ্যে ক্ষমা চাইলেন রামচরণ


ছবিঃ রাম চরণ ও বুমরা (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

ভারতীয় ক্রিকেট তারকা জশপ্রীত বুমরা–কে ভুলবশত ‘ফুটবলার’ বলে মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেতা রামচরণ। একটি অনুষ্ঠানে দেওয়া তাঁর সেই মন্তব্যের ভিডিও ভাইরাল হলে নেটদুনিয়ায় শুরু হয় মিম ও নানা আলোচনা। পরে বিষয়টি নিয়ে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন অভিনেতা।

সম্প্রতি ভোপালে অনুষ্ঠিত হয় রামচরণের নতুন সিনেমা পেডি–এর অডিও প্রকাশনা অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী জাহ্নবী কাপুর, সংগীত পরিচালক এ আর রাহমানসহ সিনেমাটির অন্যান্য কলাকুশলীরা।

অনুষ্ঠানে সাংবাদিকেরা ভারতের কয়েকজন ক্রিকেটার সম্পর্কে এক কথায় মন্তব্য জানতে চাইলে রামচরণ শচীন টেন্ডুলকার–কে ‘দীর্ঘ কিংবদন্তির যাত্রা’, এম এস ধোনি–কে ‘কুল’ এবং বিরাট কোহলি–কে ‘আগুন’ বলে বর্ণনা করেন। তবে বুমরার প্রসঙ্গে গিয়ে ভুল করে তাঁকে ‘ফুটবলার’ বলে ফেলেন। মুহূর্তেই ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সমালোচনার মুখে পরে এক্সে দেওয়া এক পোস্টে রামচরণ লেখেন, উত্তেজনা ও ভিড়ের মধ্যে অসাবধানতাবশত এই ভুল হয়েছে। তিনি বুমরার কাছে ক্ষমা চেয়ে জানান, ভারতীয় এই পেসারের খেলার তিনি বড় ভক্ত।

এদিকে চলতি আইপিএলে বুমরার পারফরম্যান্স নিয়েও চলছে আলোচনা। মুম্বাই ইন্ডিয়ান্স–এর প্রধান কোচ মাহেলা জয়বর্ধনে জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়া চোটের প্রভাব এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি এই পেসার। চলতি মৌসুমে ১৩ ম্যাচে তিনি মাত্র চারটি উইকেট নিয়েছেন।

অন্যদিকে ‘পেডি’ সিনেমা ঘিরেও দর্শকদের আগ্রহ বাড়ছে। গ্রামীণ পটভূমির স্পোর্টস-অ্যাকশন ঘরানার এই সিনেমায় খেলাধুলা, আবেগ, পারিবারিক সম্পর্ক ও সংগ্রামের গল্প তুলে ধরা হবে। সিনেমাটিতে রামচরণকে সম্পূর্ণ নতুন লুকে দেখা যাবে, যা ইতিমধ্যেই ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন