- ১৬ জুলাই, ২০২৬
PNN নিউজ ডেস্ক। চট্টগ্রাম
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিট ও সংশ্লিষ্ট ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার পৌরসভাধীন পশ্চিম গোমদণ্ডী এলাকার বানু মেম্বার টেকে অবস্থিত কনফিডেন্স লবণ কারখানায় এ দুর্ঘটনা ঘটে। আকস্মিক এ অগ্নিকাণ্ডে কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সহকর্মীদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।
দগ্ধ শ্রমিকরা হলেন— বোয়ালখালীর রুহুল আমিনের ছেলে দিদারুল আলম (৩২), রাঙ্গুনিয়ার বিরাজ মোহন দাশের ছেলে উজ্জ্বল দাশ (৫৩), সদরঘাটের আবুল কালামের ছেলে মোহাম্মদ লিটন (২৮), লোহাগাড়ার ছালে আহমদের ছেলে সিরাজুল ইসলাম (৩৪), রাউজানের মৃত আমিনুল হকের ছেলে জাহিদুল আলম (৪২), বোয়ালখালীর মোহাম্মদ ইব্রাহিমের ছেলে মোহাম্মদ জাহিদ হোসেন (৩৮), বোয়ালখালীর নূর ছাপার ছেলে নূর নবী (২৫), পটিয়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ আলম (৪৫), পটিয়ার খায়ের আহমদের ছেলে মাহামুদুল হক (৪৫) এবং চন্দনাইশের আলতাজ মিয়ার ছেলে সেলিম উদ্দিন (৩০)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কারখানায় ঝালাইয়ের কাজ চলাকালে হঠাৎ শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশে থাকা কাগজের স্তূপে ছড়িয়ে পড়লে সেখানে কর্মরত শ্রমিকরা আগুনের তাপে দগ্ধ হন। পরে কারখানার কর্মী ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, অগ্নিকাণ্ডে আহত ১০ জনকে হাসপাতালে আনা হয়েছে। চিকিৎসকরা তাদের চিকিৎসা দিচ্ছেন এবং ছয়জনের দগ্ধের মাত্রা বেশি হওয়ায় তাদের অবস্থা উদ্বেগজনক।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঝালাইয়ের কাজের সময় শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে ঘটনাটির সুনির্দিষ্ট কারণ জানতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এই অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়রা শিল্পকারখানাগুলোতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।