Thursday, July 16, 2026

নরসিংদীতে কাকন নদীতে গোসলে নেমে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল চার মাদ্রাসাছাত্রীর


ছবিঃ নিহত চার শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। নরসিংদী

নরসিংদীর রায়পুরা উপজেলায় নদীতে গোসল করতে নেমে একসঙ্গে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার চান্দেরকান্দী ইউনিয়নের বড়কান্দা এলাকার কাকন নদীতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলো— বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), একই গ্রামের রুবেল মিয়ার দুই মেয়ে জান্নাত ইসলাম (৯) ও আশেয়া (৯), এবং বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)। তারা সবাই স্থানীয় গাউছিয়া নূরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুরে মাদ্রাসা ছুটির পর ৬ থেকে ৭ জন শিক্ষার্থী বাড়ি ফেরার পথে কাকন নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তাদের মধ্যে একজন পানিতে তলিয়ে যেতে শুরু করলে তাকে উদ্ধারের চেষ্টা করে অন্য শিশুরাও গভীর পানিতে চলে যায়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়।

শিশুদের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা প্রথমে তিন শিশুকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। একই সময় আরও দুই শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও একজন নিখোঁজ ছিল। পরে স্থানীয়দের তল্লাশিতে নিখোঁজ সুমাইয়ার মরদেহও নদী থেকে উদ্ধার করা হয়।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আশরাফুর রহমান জানান, হাসপাতালে তিন শিশুকে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে বিষয়টি নিশ্চিত করেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, নদীতে ডুবে মৃত্যুর ঘটনায় উদ্ধার হওয়া শিশুদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে আইনগত ও প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

একসঙ্গে চার শিশুর এমন অকাল মৃত্যুতে বড়কান্দা গ্রামে নেমে এসেছে গভীর শোক। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। স্থানীয়রা বলছেন, নদীর ওই অংশে নিরাপত্তা ব্যবস্থা ও সচেতনতামূলক উদ্যোগ জোরদার করা গেলে হয়তো এমন মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন