- ১৬ জুন, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
সাম্প্রতিক পরিস্থিতিতে নির্ধারিত সময়ের আগেই মেয়াদি আমানত ও সঞ্চয়ী হিসাব ভেঙে ফেলা গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা চালু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। নতুন এই উদ্যোগের আওতায় গত দুই সপ্তাহে বন্ধ হওয়া নির্দিষ্ট ধরনের হিসাব কোনো অতিরিক্ত ফি বা চার্জ ছাড়াই পুনরায় সচল করার সুযোগ পাবেন গ্রাহকরা।
ব্যাংক সূত্রে জানা গেছে, সোমবার (১৫ জুন) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, চলতি মাসের ১ জুন থেকে ১৫ জুনের মধ্যে নগদায়ন বা বন্ধ করা নির্দিষ্ট আমানত ও সঞ্চয়ী হিসাব পুনরায় চালুর সুযোগ থাকবে।
নির্দেশনা অনুযায়ী, এমটিডিআর, এমএসবি, এমএমপিডিএস এবং এমএসএস ধরনের যেসব হিসাব এই সময়ের মধ্যে বন্ধ করা হয়েছে, সেসব হিসাবধারী গ্রাহক আগামী সাত কর্মদিবসের মধ্যে আবেদন করে সুবিধাটি গ্রহণ করতে পারবেন।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, পুনরায় হিসাব চালু করলে গ্রাহকদের কোনো আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে না। বরং হিসাবটি অব্যাহত থাকলে যে মুনাফা ও অন্যান্য সুবিধা পাওয়ার কথা ছিল, সেগুলোও বহাল রাখা হবে। এছাড়া হিসাব পুনঃসচলের ক্ষেত্রে প্রযোজ্য সব ধরনের চার্জ ও খরচ মওকুফ করা হয়েছে।
ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, গ্রাহকদের আস্থা আরও সুদৃঢ় করা এবং আমানতের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে ব্যাংকের নগদ প্রবাহ স্বাভাবিক রাখতেও এটি সহায়ক হবে।
নির্দেশনা বাস্তবায়নের জন্য দেশের সব শাখা ও উপশাখাকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। পাশাপাশি নির্ধারিত সময়ে বন্ধ হওয়া হিসাবগুলোর তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট গ্রাহকদের সঙ্গে যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে।
ব্যাংক কর্মকর্তারা মোবাইল ফোন ও অন্যান্য মাধ্যমে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করে পুনরায় হিসাব চালুর সুবিধা সম্পর্কে অবহিত করবেন এবং আগ্রহী গ্রাহকদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন।
ব্যাংকিং খাত সংশ্লিষ্টদের মতে, গ্রাহকবান্ধব এই উদ্যোগ আমানতকারীদের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে এবং ব্যাংকের প্রতি আস্থা পুনরুদ্ধারে সহায়ক ভূমিকা রাখতে পারে।