Wednesday, July 15, 2026

বন বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচিতে যাওয়ার পথে ট্রলারডুবি, নিখোঁজ জাহাঙ্গী এক শ্রমিকর


ছবিঃ বৃক্ষরোপণের উদ্দেশ্যে যাওয়ার পথে বলেশ্বর নদীতে একটি ইঞ্জিনচালিত ছোট ট্রলার ডুবে মো. জাহাঙ্গীর (৫০) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। বরগুনা

বরগুনার পাথরঘাটায় সংরক্ষিত বনে বৃক্ষরোপণের উদ্দেশ্যে যাওয়ার পথে বলেশ্বর নদীতে একটি ইঞ্জিনচালিত ছোট ট্রলার ডুবে মো. জাহাঙ্গীর (৫০) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। বুধবার (১৫ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার পদ্মা এলাকার সংলগ্ন নদীপথে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারে থাকা বন বিভাগের এক কর্মীসহ অপর আটজন স্থানীয় জেলেদের সহায়তায় প্রাণে রক্ষা পান।

নিখোঁজ জাহাঙ্গীর পাথরঘাটা উপজেলার পদ্মা এলাকার বাসিন্দা এবং সায়েদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র ও বন বিভাগ জানায়, সকালে বন বিভাগের সংরক্ষিত এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিতে বন বিভাগের একজন কর্মচারী ও আটজন শ্রমিক একটি ছোট ইঞ্জিনচালিত ট্রলারে করে রওনা দেন। ট্রলারটিতে বিপুল পরিমাণ গাছের চারাও ছিল। বলেশ্বর নদীতে পৌঁছানোর পর হঠাৎ উত্তাল ঢেউয়ের আঘাতে ট্রলারটি ভারসাম্য হারিয়ে ডুবে যায়।

দুর্ঘটনার পর ট্রলারে থাকা ব্যক্তিরা প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেন। স্থানীয় জেলেরা দ্রুত এগিয়ে এসে আটজনকে উদ্ধার করতে সক্ষম হলেও জাহাঙ্গীরকে আর খুঁজে পাওয়া যায়নি। এরপরই বিষয়টি ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়।

খবর পেয়ে পাথরঘাটা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। একই সঙ্গে কোস্ট গার্ডকেও অবহিত করা হয়েছে। নিখোঁজ শ্রমিককে উদ্ধারে সমন্বিতভাবে অভিযান চালানো হচ্ছে।

পাথরঘাটা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, ট্রলারডুবির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. বদিউজ্জামান খান জানান, সংরক্ষিত বনে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনার জন্য বন বিভাগের একজন কর্মী ও আটজন শ্রমিক ট্রলারে করে যাচ্ছিলেন। দুর্ঘটনায় সবাই নিরাপদে তীরে ফিরতে পারলেও জাহাঙ্গীর নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। ফায়ার সার্ভিসের পাশাপাশি কোস্ট গার্ডকেও উদ্ধার তৎপরতায় যুক্ত হতে অনুরোধ করা হয়েছে।

এদিকে নদীতে নিখোঁজ শ্রমিকের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে উদ্ধারকাজে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন