- ২১ এপ্রিল, ২০২৬
PNN নিউজ ডেস্ক। বগুড়া
প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন ঘোষণা করেছেন। সোমবার দুপুরে বগুড়া পৌরসভা ভবনে উদ্বোধনী ফলক উন্মোচনের মধ্য দিয়ে নতুন সিটি করপোরেশনের যাত্রা শুরু হয়।
এর মাধ্যমে ২১টি ওয়ার্ডের বর্তমান সীমানা বজায় রেখে বগুড়া দেশের ১৩তম সিটি করপোরেশনে উন্নীত হলো। একই সঙ্গে প্রায় দেড় শতাব্দীর পুরোনো বগুড়া পৌরসভার কার্যক্রমের সমাপ্তি ঘটে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শহরকে পরিচ্ছন্ন ও উন্নত রাখতে শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়, নগরবাসীকেও দায়িত্ব নিতে হবে। তিনি নাগরিকদের নিজ নিজ এলাকা পরিষ্কার রাখার আহ্বান জানান এবং বগুড়াকে একটি আদর্শ শহরে রূপান্তরের জন্য সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, দেশের মানুষের দায়িত্ব পাওয়ার পর এখন তার কাজের পরিধি বেড়েছে। সারা দেশের মানুষের কল্যাণে কাজ করার জন্য তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।
দিনব্যাপী সফরে সকালে ঢাকা থেকে সড়কপথে বগুড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। পরে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন করেন, যার মধ্যে রয়েছে জেলা আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন এবং সারাদেশে একযোগে ই-বেইলবন্ড কার্যক্রম চালু করা।
এছাড়া তিনি নিজ গ্রামের বাড়ি পরিদর্শনসহ একাধিক কর্মসূচিতে অংশ নেন। বিকেলে শহরের ঐতিহাসিক মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সন্ধ্যায় নবনির্মিত প্রেসক্লাব ভবন এবং একটি কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন শেষে তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন।