- ১৫ জুন, ২০২৬
PNN নিউজ ডেস্ক। সিলেট
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের গ্রেপ্তারকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করলেও এতে বর্তমান সরকারের বিশেষ কোনো কৃতিত্ব নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান।
রোববার রাতে সিলেট সার্কিট হাউসে ১১-দলীয় ঐক্যজোটের নেতাদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
শফিকুর রহমান বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে যে প্রক্রিয়া চালু হয়েছিল, সেটির ফল হিসেবেই গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। তিনি দাবি করেন, রেড অ্যালার্ট জারির উদ্যোগ বর্তমান সরকারের নয়। তবে সাবেক এই পুলিশ কর্মকর্তার গ্রেপ্তারকে তিনি বাংলাদেশের জন্য একটি ইতিবাচক অর্জন হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বেনজীর আহমেদ বিদেশে আটক অবস্থায় থাকবেন নাকি তাঁকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করা হবে, সেটি সরকারের আন্তরিকতা ও পদক্ষেপের ওপর নির্ভর করবে।
ভারতের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাম্প্রতিক বক্তব্য নিয়েও কথা বলেন জামায়াত আমির। তিনি বলেন, ওই বক্তব্য সম্পর্কে আরও স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন। একই সঙ্গে সীমান্তে পুশ-ইন ও হত্যাকাণ্ডের বিষয়টি জাতীয় সংসদে আলোচনার দাবি জানান তিনি।
সংসদে বিরোধী দলের সদস্যদের নিয়ে এক সংসদ সদস্যের সাম্প্রতিক মন্তব্যেরও সমালোচনা করেন শফিকুর রহমান। তিনি বলেন, জাতীয় সংসদের পরিবেশ ও বক্তব্যের মান রক্ষায় সব সদস্যের দায়িত্বশীল আচরণ করা উচিত।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বিরোধী দল গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির মাধ্যমেই জনগণের দাবি তুলে ধরতে চায়। সংসদে সমস্যার সমাধান না হলে সাংবিধানিক ও গণতান্ত্রিক উপায়ে রাজপথেও আন্দোলন চলতে পারে বলে উল্লেখ করেন তিনি।
শফিকুর রহমান আরও বলেন, নির্বাচন আয়োজনের মধ্যেই সরকারের দায়িত্ব শেষ হয়ে যায় না; জনগণের প্রত্যাশা পূরণ এবং রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমেই একটি সরকারের সফলতা মূল্যায়ন করা হয়।
মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা অংশ নেন। তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক অধিকার এবং জাতীয় বিভিন্ন ইস্যু নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।