Saturday, April 25, 2026

বাংলাদেশের সামাজিক সুরক্ষা জোরদারে এডিবির ২৫০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন


ছবিঃ এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN

বাংলাদেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক করতে ২৫০ মিলিয়ন ডলারের ঋণ অনুমোদন করেছে এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি)।

সংস্থাটির ‘সেকেন্ড স্ট্রেনদেনিং সোশ্যাল রেজিলিয়েন্স প্রোগ্রাম’-এর দ্বিতীয় সাবপ্রোগ্রামের আওতায় এই অর্থায়ন করা হচ্ছে। এর মাধ্যমে দেশের দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা বাড়ানো এবং দীর্ঘমেয়াদে দারিদ্র্য কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এডিবির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর হো ইউন জং বলেন, এই কর্মসূচি একটি আধুনিক, টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক সামাজিক সুরক্ষা কাঠামো গড়ে তুলতে সহায়ক হবে। বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং নারীদের সুরক্ষার আওতায় আনতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই উদ্যোগের আওতায় সামাজিক সুরক্ষা ব্যবস্থায় বিভিন্ন সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এতে দারিদ্র্যের ঝুঁকি কমানোর পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা বাড়াতে অংশীদারিত্বভিত্তিক সুরক্ষা কাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

এডিবি জানিয়েছে, নতুন অর্থায়নের মাধ্যমে সরকারের ওপর আর্থিক চাপ কমাতে সহায়ক কিছু নতুন সামাজিক নিরাপত্তা কর্মসূচিও চালু করা হবে। এর মধ্যে বিধবা ভাতা কর্মসূচিতে অন্তত আড়াই লাখ নতুন নারীকে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এছাড়া জলবায়ু সহনশীল কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর আয় ও নিরাপত্তা বাড়ানো হবে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক-এর বিশেষ পুনঃঅর্থায়ন স্কিমের মাধ্যমে নারী উদ্যোক্তাদের আর্থিক সেবায় প্রবেশাধিকারের হার কমপক্ষে ১৫ শতাংশ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই ঋণ সহায়তা বাস্তবায়িত হলে দেশের সামাজিক সুরক্ষা খাত আরও কার্যকর ও বিস্তৃত হবে এবং দীর্ঘমেয়াদে দারিদ্র্য হ্রাসে ইতিবাচক প্রভাব ফেলবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন