Thursday, July 2, 2026

বাংলা কিউআর এর প্রচারে মাঠে নামলেন গভর্নর নিজেই


ছবিঃ কেনাকাটা সারলেন 'বাংলা কিউআর' দিয়ে (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

দেশে নগদহীন লেনদেনের সংস্কৃতি আরও বিস্তৃত করতে এবার সরাসরি মাঠে নেমেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। রাজধানীর মতিঝিলে বিভিন্ন ছোট-বড় দোকানে ঘুরে তিনি স্মার্টফোনে ‘বাংলা কিউআর’ স্ক্যান করে কেনাকাটা ও বিল পরিশোধ করেন। কেন্দ্রীয় ব্যাংকের এ উদ্যোগের লক্ষ্য, ডিজিটাল লেনদেনকে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অংশ হিসেবে প্রতিষ্ঠিত করা।

বুধবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে বেরিয়ে গভর্নর প্রথমে ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে কেনাকাটা করেন। এরপর একটি চায়ের দোকানে চা পান করে, একটি সুপার শপ থেকে পণ্য কিনে, রেস্টুরেন্টে খাবারের বিল পরিশোধ করে এবং শেষে কাঁচাবাজারে সবজি কিনেও একই পদ্ধতিতে মূল্য পরিশোধ করেন। প্রতিটি ক্ষেত্রেই ব্যবহার করা হয় ‘বাংলা কিউআর’ভিত্তিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে বোঝানো হয়েছে যে ডিজিটাল লেনদেন শুধু বড় ব্যবসা প্রতিষ্ঠান বা শপিংমলের জন্য নয়; ক্ষুদ্র দোকান, হকার, চায়ের স্টল কিংবা কাঁচাবাজারের বিক্রেতারাও সহজেই এ ব্যবস্থার আওতায় আসতে পারেন।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ১ জুলাই থেকে সারা দেশে ‘বাংলা কিউআর’ সম্প্রসারণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। একীভূত এই কিউআরভিত্তিক পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও ব্যাংকিং প্ল্যাটফর্ম থেকে একই কিউআর কোড ব্যবহার করে লেনদেন করা সম্ভব হবে। এতে নগদ অর্থ বহনের প্রয়োজন কমবে এবং ভাঙতি নিয়ে ভোগান্তিও হ্রাস পাবে।

নতুন নীতিমালা অনুযায়ী, ‘বাংলা কিউআর’-এর মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে বিক্রেতারা ভ্যাটসহ সর্বোচ্চ ১ শতাংশ পর্যন্ত সেবামূল্য নিতে পারবেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সরাসরি অংশগ্রহণ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়াবে। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ী ও প্রান্তিক বিক্রেতাদের মধ্যে ‘বাংলা কিউআর’ ব্যবহারে আগ্রহ সৃষ্টি হলে দেশের নগদহীন অর্থনৈতিক ব্যবস্থার প্রসারে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন