- ১৫ জুন, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগেই আরেকটি অনন্য অর্জনের সাক্ষী হলো আর্জেন্টিনা। প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে গোল করে জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে গোলদাতার রেকর্ড গড়েছেন অধিনায়ক লিওনেল মেসি।
যুক্তরাষ্ট্রের আলাবামায় অনুষ্ঠিত ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে পরাজিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ম্যাচের অন্যতম আকর্ষণ ছিলেন দ্বিতীয়ার্ধে মাঠে নামা মেসি, যিনি অল্প সময়ের মধ্যেই নিজের ছাপ রেখে যান।
হ্যামস্ট্রিংয়ের সামান্য সমস্যার কারণে শুরুর একাদশে ছিলেন না আর্জেন্টাইন তারকা। ৬৯তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামার পর দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে স্টেডিয়াম। মাঠে নামার কিছুক্ষণের মধ্যেই তার তৈরি আক্রমণ থেকে পেনাল্টি আদায় করে আর্জেন্টিনা। ৭১তম মিনিটে স্পট কিক থেকে গোল করে দলের ব্যবধান বাড়ান মেসি।
এই গোলের মাধ্যমে আর্জেন্টিনার জার্সিতে তাঁর আন্তর্জাতিক গোলসংখ্যা দাঁড়ায় ১১৭-তে। পাশাপাশি ৩৮ বছর ১১ মাস বয়সে গোল করে জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ড নিজের নামে লেখান তিনি। এর আগে দীর্ঘদিন ধরে এই রেকর্ডটি ছিল আর্জেন্টাইন কিংবদন্তি আনহেল আমাদেও লাব্রুনার দখলে।
জাতীয় দলের হয়ে এটি ছিল মেসির ১৯৯তম ম্যাচ। ফলে বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামলেই আর্জেন্টিনার হয়ে ২০০ আন্তর্জাতিক ম্যাচ খেলার বিরল মাইলফলক স্পর্শ করবেন তিনি।
ম্যাচের শুরুতেই আর্জেন্টিনাকে এগিয়ে দেন ভালেনতিন বার্কো। পরে মেসির পেনাল্টি গোলে ব্যবধান দ্বিগুণ হয়। শেষদিকে থিয়াগো আলমাদার গোলে ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল।
শুধু গোল নয়, পুরো ম্যাচে আক্রমণভাগে মেসির উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তার অভিজ্ঞতা ও সৃজনশীলতা দলের খেলায় নতুন মাত্রা যোগ করে, যা বিশ্বকাপের আগে আর্জেন্টিনার জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।
এদিকে জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবেও নিজের অবস্থান আরও সুদৃঢ় করেছেন মেসি। তাঁর গোলসংখ্যা এখন অন্য সব আর্জেন্টাইন ফুটবলারের তুলনায় অনেক এগিয়ে।
বিশ্বকাপ শুরুর আগে এই জয় এবং অধিনায়কের নতুন রেকর্ড আর্জেন্টিনা শিবিরে বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামতে যাওয়া দলটির সমর্থকরাও আশাবাদী, নতুন ইতিহাসের পথে আরও একবার নেতৃত্ব দেবেন লিওনেল মেসি।