Sunday, August 2, 2026

জিমির ফেরায় জাতীয় হকি দলে ফিরেছে প্রাণ, এশিয়ান গেমসের প্রস্তুতিতে উচ্ছ্বাস


ছবিঃ রাসেল মাহমুদ জিমি (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

তপ্ত দুপুর। ঘামে ভিজে যাচ্ছেন সংবাদকর্মীরা। তারপরও মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে জাতীয় হকি দলের অনুশীলন ঘিরে আগ্রহের কমতি নেই। নীল টার্ফজুড়ে ৩৫ জনের বেশি খেলোয়াড় অনুশীলনে ব্যস্ত। তবে উপস্থিত সাংবাদিকদের ক্যামেরা ও কৌতূহলের বড় অংশ ছিল দুজনকে ঘিরে বাংলাদেশ হকির অভিজ্ঞ তারকা রাসেল মাহমুদ জিমি এবং জার্মান কোচ গেহার্ড পিটার।

দীর্ঘ আট বছর পর বাংলাদেশে ফিরেছেন গেহার্ড পিটার। ২০১৬ সালের পর আবার জাতীয় হকি দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন তিনি। আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে দলকে প্রস্তুত করার কাজ শুরু করেছেন জার্মান এই কোচ।

কোচ হিসেবে নিজের পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে সংক্ষিপ্ত কথা বলার পর দীর্ঘ সময় সাংবাদিকদের মুখোমুখি হন রাসেল মাহমুদ জিমি। প্রায় ১৮ মাস পর জাতীয় দলের ক্যাম্পে ফিরেছেন বাংলাদেশের হকির এই অভিজ্ঞ খেলোয়াড়।

আগের ফেডারেশন কমিটির সময়ে জিমিকে জাতীয় দল থেকে বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও তা তখন বাস্তবায়িত হয়নি। তবে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর হকি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন কারণ দেখিয়ে তাকে জাতীয় দলের বাইরে রাখা হয়।

নতুন অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর জাতীয় দলের নির্বাচনে আবারও পারফরম্যান্স ও অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নির্বাচন কমিটির চেয়ারম্যান সাজেদ আদেল এবং সদস্য আরিফুল হক প্রিন্স ও মাহবুব হারুনের নেতৃত্বে গঠিত নির্বাচক প্যানেল অভিজ্ঞ খেলোয়াড়দেরও ক্যাম্পে ডেকেছে।

নির্বাচন কমিটির চেয়ারম্যান সাজেদ আদেল বলেন, দীর্ঘ সময় ধরে নিয়মিত খেলা না হওয়ায় সাম্প্রতিক পারফরম্যান্স মূল্যায়নের সুযোগ সীমিত। তাই আগের পারফরম্যান্স বিবেচনায় খেলোয়াড়দের ক্যাম্পে ডাকা হয়েছে। তবে ক্যাম্পে যারা ভালো করবেন, তারাই চূড়ান্ত দলে জায়গা ধরে রাখতে পারবেন।

তিনি বলেন, “খেলা তো হয়নি। এখন কার পারফরম্যান্স যাচাই করব? আগের পারফরম্যান্সের ভিত্তিতে খেলোয়াড়দের ডাকা হয়েছে। ক্যাম্পে যারা ভালো করবে, তারাই থাকবে। যারা পারবে না, তাদের জায়গা হবে না।”

জিমির পাশাপাশি মিমো ও নাইমসহ আরও কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়ও জাতীয় দলের ক্যাম্পে ফিরেছেন। এবার তাদের সামনে নিজেদের সামর্থ্য প্রমাণ করে চূড়ান্ত দলে জায়গা করে নেওয়ার সুযোগ।

দীর্ঘদিন পর জাতীয় দলের অনুশীলনে যেন নতুন প্রাণ ফিরে এসেছে। খেলোয়াড়দের মধ্যে দেখা গেছে উচ্ছ্বাস ও স্বতঃস্ফূর্ততা। জিমিকে জাতীয় দলের বাইরে রাখার ঘটনাকে কেন্দ্র করে যে চাপা অস্বস্তি ও নীরবতা তৈরি হয়েছিল, তার অনেকটাই এখন কেটে গেছে বলে মনে করছেন খেলোয়াড়রা।

জাতীয় দলের খেলোয়াড় রেজাউল করিম বাবু বলেন, আগের কমিটির সময়ে ৩০ বছরের বেশি বয়সী খেলোয়াড়দের জাতীয় দলে না রাখার একটি নীতি চালুর কথা বলা হয়েছিল। তবে আন্তর্জাতিক হকিতে এমন বয়সসীমার নজির নেই বলে মন্তব্য করেন তিনি।

বাবু বলেন, “পারফরম্যান্স খারাপ হলে কাউকে বাদ দেওয়া যেত। কিন্তু বয়সের কারণে বাদ দেওয়ার বিষয়টি গ্রহণযোগ্য ছিল না। জিমি ভালো খেলতে পারেননি এমন কারণ দেখিয়ে তাকে বাদ দেওয়া হয়েছিল। তখন অনেকেই ভয়ে কিছু বলতে পারতেন না।”

জিমির ফেরাকে দলের জন্য ইতিবাচক বলেও মনে করেন তিনি। বাবুর ভাষায়, “জিমি চারটি এশিয়ান গেমসে খেলেছেন। তার মতো অভিজ্ঞ একজন খেলোয়াড় দলে থাকলে অন্যদের মধ্যেও বাড়তি উদ্দীপনা তৈরি হয়। জিমি ভাইয়ের অভিজ্ঞতা দলের জন্য অনেক বড় সম্পদ।”

জাতীয় দলের আরেক খেলোয়াড় নাইমও প্রায় এক বছর ক্যাম্পের বাইরে ছিলেন। এবার তিনি আবার জাতীয় দলের অনুশীলনে ফিরেছেন। তার মতে, নতুন ক্যাম্পে খেলোয়াড়দের মধ্যে আগের চেয়ে অনেক বেশি স্বস্তি ও আনন্দ দেখা যাচ্ছে।

নাইম বলেন, “এখন ক্যাম্পের খেলোয়াড়দের দিকে তাকালেই বোঝা যায়, সবাই খুশি। আগে অনেকেই কথা বলতে ভয় পেতেন। কোনো বিষয়ে প্রশ্ন তুললেই সমস্যায় পড়ার আশঙ্কা থাকত। এখন খেলোয়াড়দের মন ভালো।”

জিমিকে জাতীয় দল থেকে বাদ দেওয়ার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে নাইম বলেন, তাকে এবং আরও কয়েকজনকে বিভিন্ন সময়ে ক্যাম্পের বাইরে রাখা হয়েছিল। এতে অন্য খেলোয়াড়দের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছিল।

তিনি আরও বলেন, “প্রত্যেক খেলোয়াড়ের সম্মানের সঙ্গে বিদায় পাওয়ার অধিকার আছে। অনেক অভিজ্ঞ খেলোয়াড় যথাযথ সম্মান পাননি। পিন্টু, রানা ও তাপসের মতো খেলোয়াড়রাও সেই সম্মান থেকে বঞ্চিত হয়েছেন।”

এশিয়ান গেমস সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতি শুরু হলেও চূড়ান্ত দলে জায়গা নিশ্চিত নয় কারও। অভিজ্ঞতা নিয়ে জিমি ফিরেছেন, নতুন কোচও শুরু করেছেন কাজ। এখন মাঠের পারফরম্যান্সই নির্ধারণ করবে কে থাকবেন জাতীয় দলের পরবর্তী যাত্রায়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন