- ০২ আগস্ট, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
ফ্রান্স জাতীয় ফুটবল দলের দায়িত্ব নেওয়ার পর দেশের মাটিতে প্রথমবার কোচ হিসেবে মাঠে নামার আগেই ব্যাপক সাড়া পেয়েছেন কিংবদন্তি জিনেদিন জিদান। আগামী ২ অক্টোবর ইতালির বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচের সব টিকিট এক দিনেরও কম সময়ের মধ্যে বিক্রি হয়ে গেছে।
ফ্রান্সের ঐতিহাসিক স্তাদ দ্য ফ্রান্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। প্রায় ৮০ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামটিতে আর কোনো টিকিট অবশিষ্ট নেই বলে নিশ্চিত করেছে ফরাসি ফুটবল কর্তৃপক্ষ।
দীর্ঘ ১৪ বছর ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব পালনের পর প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান দিদিয়ের দেশম। তার বিদায়ের পর জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয় সাবেক ফরাসি অধিনায়ক ও বিশ্বকাপজয়ী তারকা জিনেদিন জিদানকে।
খেলোয়াড় হিসেবে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো জিদান কোচ হিসেবেও ক্লাব ফুটবলে অসাধারণ সাফল্য অর্জন করেছেন। এবার জাতীয় দলের দায়িত্ব নিয়ে তার সামনে নতুন চ্যালেঞ্জ। ফরাসি সমর্থকদের প্রত্যাশা, জিদানের নেতৃত্বে আবারও বিশ্ব ও ইউরোপীয় ফুটবলের শীর্ষে উঠবে ‘লে ব্লুরা’।
নেশনস লিগে ফ্রান্সের নতুন অধ্যায় শুরু হবে আগামী ২৫ সেপ্টেম্বর তুরস্কের মাটিতে। এরপর তিন দিন পর বেলজিয়ামে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে জিদানের দল।
তবে ফ্রান্সের সমর্থকদের সামনে জাতীয় দলের কোচ হিসেবে জিদানকে প্রথমবার দেখা যাবে ২ অক্টোবর। প্যারিসের স্তাদ দ্য ফ্রান্সে ইতালির বিপক্ষে সেই ম্যাচ ঘিরে ইতোমধ্যে তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস।
এরপর ৫ অক্টোবর প্যারিসেই বেলজিয়ামের বিপক্ষে ফিরতি ম্যাচ খেলবে ফ্রান্স। ফরাসি সংবাদমাধ্যম আরএমসি জানিয়েছে, ওই ম্যাচেরও প্রথম শ্রেণির হাতে গোনা কয়েকটি টিকিট ছাড়া প্রায় সব টিকিট বিক্রি হয়ে গেছে।
জাতীয় দলের কোচ হিসেবে জিদানের নতুন যাত্রা শুরু হওয়ার আগেই টিকিট বিক্রির এমন সাড়া ফরাসি সমর্থকদের আগ্রহ ও প্রত্যাশারই প্রতিফলন বলে মনে করছেন ফুটবলসংশ্লিষ্টরা।