Sunday, August 2, 2026

ভিনিসিয়ুসকে পেতে ১৪৫ মিলিয়ন ইউরোর প্রস্তাব প্রস্তুত আর্সেনালের


ছবিঃ ব্রাজিলিয়ান পোস্টার বয় ভিনিসিয়ুস জুনিয়রব্রাজিলিয়ান পোস্টার বয় ভিনিসিয়ুস জুনিয়র (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে দলে ভেড়াতে বড় ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে ইংলিশ ক্লাব আর্সেনাল। স্প্যানিশ জায়ান্টদের কাছ থেকে এই তারকাকে কিনতে আনুষঙ্গিক ব্যয়সহ প্রায় ১৪৫ মিলিয়ন ইউরোর একটি প্রস্তাব প্রস্তুত করেছে লন্ডনের ক্লাবটি।

ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিনিসিয়ুসকে ঘিরে আর্সেনালের প্রস্তাবের কাঠামো প্রায় চূড়ান্ত। শিগগিরই রিয়াল মাদ্রিদের কাছে আনুষ্ঠানিকভাবে প্রস্তাবটি পাঠানো হতে পারে। চুক্তিটি বাস্তবায়িত হলে গ্রীষ্মকালীন দলবদলের সবচেয়ে আলোচিত এবং ব্যয়বহুল দলবদলগুলোর একটি হয়ে উঠতে পারে।

ক্রীড়া সাংবাদিক ডেভিড অর্নস্টাইনের তথ্য অনুযায়ী, প্রিমিয়ার লিগে খেলার সম্ভাবনা নিয়েও আগ্রহ দেখিয়েছেন ভিনিসিয়ুস। ফলে ব্রাজিলিয়ান উইঙ্গারকে ধরে রাখার ক্ষেত্রে রিয়াল মাদ্রিদের ওপর নতুন করে চাপ তৈরি হতে পারে।

ব্রিটিশ বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, ভিনিসিয়ুসের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান রক নেশন–এর সঙ্গে প্রাথমিক পর্যায়ে আলোচনা করেছে আর্সেনাল। আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলেও জানা গেছে।

দ্য সান জানিয়েছে, ২৫ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফুটবলারকে দলে টানতে ক্লাব ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক প্রস্তাব দিতেও প্রস্তুত মিকেল আর্তেতার দল। আর্সেনাল মনে করছে, ভিনিসিয়ুসকে দলে নিতে পারলে তাদের আক্রমণভাগ আরও শক্তিশালী হবে এবং ইউরোপীয় প্রতিযোগিতায় শিরোপার লড়াইয়ে বড় সুবিধা পাবে।

বর্তমানে রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়ুসের চুক্তির মেয়াদ রয়েছে ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত। তবে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে ক্লাবের দেওয়া নতুন প্রস্তাবে এখনো সম্মতি জানাননি তিনি। এ পরিস্থিতিতে তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও বেড়েছে।

চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নতুন সমঝোতায় পৌঁছাতে না পারলে ভবিষ্যতে ভিনিসিয়ুসকে বিনা ট্রান্সফার ফিতে হারানোর ঝুঁকিও তৈরি হতে পারে রিয়াল মাদ্রিদের। তাই ক্লাবটির সামনে এখন দুটি গুরুত্বপূর্ণ বিকল্প রয়েছে আর্সেনালের সম্ভাব্য প্রস্তাব বিবেচনা করা অথবা নতুন চুক্তির মাধ্যমে ব্রাজিলিয়ান তারকাকে দীর্ঘ মেয়াদে ধরে রাখা।

রিয়াল মাদ্রিদের আক্রমণভাগে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে ভিনিসিয়ুসের জুটি বর্তমানে দলের অন্যতম বড় শক্তি। ফলে এই জুটিকে অক্ষুণ্ন রাখতে স্প্যানিশ ক্লাবটি শেষ পর্যন্ত কতটা আগ্রহী থাকে, সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন।

অন্যদিকে, আর্সেনাল যদি আলোচিত এই দলবদল সম্পন্ন করতে পারে, তবে তা ক্লাবটির ইতিহাসে সবচেয়ে বড় চুক্তিগুলোর একটি হয়ে উঠবে। এখন দেখার বিষয়, রিয়াল মাদ্রিদ ভিনিসিয়ুসকে নতুন চুক্তিতে রাজি করাতে পারে, নাকি লন্ডনের ক্লাবটি দলবদলের বাজারে বড় চমক দেখায়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন