Friday, May 15, 2026

আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ে এবি পার্টির ক্ষোভ, শ্বেতপত্র প্রকাশের ঘোষণা


ছবিঃ রাজধানীর বিজয়নগরের বিজয়-৭১ চত্বরে এক প্রতিবাদী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান। (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চাঁদাবাজি ও প্রশাসনে দুর্নীতির অভিযোগ তুলে কঠোর অবস্থান নিয়েছে এবি পার্টি। দলটির চেয়ারম্যান মজিবুর রহমান বলেছেন, পুলিশ প্রশাসন থেকে সচিবালয় পর্যন্ত কোথায় কী ধরনের দুর্নীতি হয়েছে, তার তথ্য জনগণের সামনে তুলে ধরা হবে এবং এ বিষয়ে একটি ‘শ্বেতপত্র’ প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বিজয়নগরের বিজয়-৭১ চত্বরে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। দেশব্যাপী চাঁদাবাজি, দুর্নীতি, জননিরাপত্তাহীনতা এবং অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ শাখা এ কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে মজিবুর রহমান বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে মানুষের প্রত্যাশা ছিল পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু বাস্তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, প্রশাসনের বিভিন্ন স্তরে প্রভাবশালী মহলের হস্তক্ষেপ বেড়েছে এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।

তিনি অভিযোগ করেন, আগে প্রশাসনে একদলীয় প্রভাব ছিল, এখন অন্য রাজনৈতিক প্রভাব কাজ করছে। শুধু স্লোগান বদলেছে, কিন্তু দখলদারিত্ব ও চাঁদাবাজির সংস্কৃতির পরিবর্তন হয়নি।

বিএনপির সমালোচনা করে এবি পার্টির চেয়ারম্যান বলেন, দলটি হাজার হাজার নেতা বহিষ্কারের কথা বললেও মাঠপর্যায়ে চাঁদাবাজি ও সন্ত্রাস কমেনি। বরং বিভিন্ন এলাকায় নীরবে এসব কর্মকাণ্ড চলছেই বলে অভিযোগ করেন তিনি।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে মজিবুর রহমান বলেন, বাজার, পরিবহন ও ব্যবসা খাতে চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে থানার ভেতরে সংঘটিত সহিংস ঘটনারও নিরপেক্ষ তদন্ত দাবি করেন তিনি।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে শাহাদাতুল্লাহ টুটুল আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে বাজারে যাতে চাঁদাবাজি ও নৈরাজ্য না হয়, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান।

এবি পার্টির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুল হালিম খোকন–এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন সেলিম খান, হাদীউজ্জামান খোকন, রিপন মাহমুদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সমাবেশে নেতারা দাবি করেন, দুর্নীতি ও রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসন গড়ে তুলতে না পারলে জনগণের আস্থা ফিরবে না। তাই দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন