Tuesday, April 7, 2026

২৫ এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, অংশ নেবে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী


প্রতীকী ছবিঃ জাতীয় বিশ্ববিদ্যালয় (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

জাতীয় বিশ্ববিদ্যালয়–এর ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। আগামী ২৫ এপ্রিল ২০২৬ (শনিবার) দেশব্যাপী একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওইদিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সারাদেশের বিভাগীয় ও জেলা শহরের নির্বাচিত ১৩৮টি কেন্দ্রে প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থী এতে অংশ নেবে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ সম্ভাব্য তারিখ হিসেবে ২৫ এপ্রিলের কথা উল্লেখ করেছিলেন। পরবর্তীতে সেটিই চূড়ান্ত করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রাথমিক আবেদন নিশ্চিত করা পরীক্ষার্থীদের আগামী ১১ এপ্রিল থেকে ২৪ এপ্রিলের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশন আইডি ও পিন ব্যবহার করে ‘Applicant Login (Honours Login)’ অপশনের মাধ্যমে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।

পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের অন্তত ৪৫ মিনিট আগে, অর্থাৎ সকাল ১০টা ১৫ মিনিটের মধ্যে কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া পরীক্ষা শুরুর কমপক্ষে তিন দিন আগে নিজ নিজ আসন বিন্যাস জেনে নিতে বলা হয়েছে।

পরীক্ষার দিন প্রবেশপত্রের পাশাপাশি এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে এবং প্রবেশপত্রে উল্লেখিত নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে।

উপাচার্যের অনুমোদনক্রমে এই বিজ্ঞপ্তি জারি করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ডিন ড. মো. আশেক কবির চৌধুরী।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন