- ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
মার্কিন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক অভিযোগ করেছে, চীনের তিনটি এআই কোম্পানি তাদের ক্লড মডেল ব্যবহার করে বিপুল পরিমাণ ভুয়া অ্যাকাউন্ট খুলে নিজেদের মডেল উন্নত করার চেষ্টা করেছে। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো হলো ডিপসীক, মুনশট এআই এবং মিনি ম্যাক্স
প্রতিষ্ঠানটির দাবি, এসব কোম্পানি ২৪ হাজারেরও বেশি ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে ক্লড –এর সঙ্গে প্রায় ১ কোটি ৬০ লাখের বেশি কথোপকথন চালায়। এ প্রক্রিয়াটি ‘ডিস্টিলেশন’ নামে পরিচিত, যার মাধ্যমে একটি শক্তিশালী মডেল থেকে তথ্য আহরণ করে তুলনামূলক ছোট বা নতুন মডেলকে প্রশিক্ষিত করা হয়।
অ্যানথ্রোপিক জানায়, অভিযুক্ত কোম্পানিগুলো বিশেষভাবে ক্লড –এর উন্নত সক্ষমতা—যেমন এজেন্টিক রিজনিং, টুল ব্যবহারের দক্ষতা এবং কোডিং সামর্থ্য—লক্ষ্য করে তথ্য সংগ্রহ করেছে। তাদের মতে, এই মাত্রার ডেটা আহরণের জন্য উন্নতমানের এআই চিপের প্রয়োজন হয়।
প্রতিষ্ঠানটি আরও বলেছে, তারা ভবিষ্যতে এ ধরনের ডিস্টিলেশন আক্রমণ ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে। একই সঙ্গে এআই শিল্প, ক্লাউড সেবা প্রদানকারী এবং নীতিনির্ধারকদের সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে।
এ অভিযোগ এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্র থেকে চীনে উন্নত এআই চিপ রপ্তানি নিয়ে বিতর্ক চলছে। সম্প্রতি মার্কিন প্রশাসন এনভিডিয়া–এর মতো কোম্পানিগুলোকে কিছু উন্নত চিপ রপ্তানির অনুমতি দিয়েছে, যা সমালোচকদের মতে চীনের এআই সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখতে পারে।
এদিকে ওপেনএআই–ও চলতি মাসের শুরুতে আইনপ্রণেতাদের কাছে পাঠানো এক নথিতে একই ধরনের ডিস্টিলেশন কৌশল ব্যবহারের অভিযোগ তোলে।
বিশ্লেষকদের মতে, ডিস্টিলেশন পদ্ধতির অপব্যবহার শুধু প্রযুক্তিগত প্রতিযোগিতাকেই প্রভাবিত করে না, বরং জাতীয় নিরাপত্তা ঝুঁকিও তৈরি করতে পারে। কারণ, সুরক্ষা ব্যবস্থা ছাড়া তৈরি হওয়া মডেলগুলো অপব্যবহারের ঝুঁকিতে থাকে।
অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে সংশ্লিষ্ট তিনটি চীনা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে বলে জানা গেছে, তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।