- ২১ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
দেশের ভোজ্যতেলের বাজার স্থিতিশীল রাখতে ১ কোটি লিটার পরিশোধিত রাইস ব্রান তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ক্রয়ে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১৭৯ কোটি ৫০ লাখ টাকা।
বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে স্থানীয় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে তেল সংগ্রহ করা হবে।
সরকারি সূত্র জানায়, ২ লিটার পিইটি বোতলে প্যাকেটজাত রাইস ব্রান তেলের প্রতি লিটারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৭৯ টাকা ৫০ পয়সা, যার মধ্যে ভ্যাট ও ট্যাক্স অন্তর্ভুক্ত রয়েছে।
অনুমোদিত সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মজুমদার ব্রাণ অয়েল মিলস লিমিটেড, মজুমদার প্রোডাক্টস লিমিটেড, তামিম অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং গ্রিন অয়েল অ্যান্ড পোলট্রি ফিড ইন্ডাস্ট্রিজ।
বণ্টন অনুযায়ী, মজুমদার ব্রাণ অয়েল মিলস লিমিটেড সরবরাহ করবে ৪০ লাখ লিটার তেল। এছাড়া মজুমদার প্রোডাক্টস লিমিটেড থেকে নেওয়া হবে ৩০ লাখ লিটার, তামিম অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে ২০ লাখ লিটার এবং গ্রিন অয়েল অ্যান্ড পোলট্রি ফিড ইন্ডাস্ট্রিজ সরবরাহ করবে ১০ লাখ লিটার রাইস ব্রান তেল।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে মূল্য নিয়ন্ত্রণে রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে একই বৈঠকে রাইস ব্রান তেলের পাশাপাশি মসুর ডাল ও পাম অলিন কেনার প্রস্তাবও অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।