Friday, February 6, 2026

ভয়ভীতি ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা ব্যর্থ হবে: নাহিদ ইসলাম


ছবিঃ রাজধানীর ভাটারা থানা এলাকায় শাপলাকলির পক্ষে নির্বাচনী প্রচার চালান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, জনসমর্থনের জোয়ার দেখে একটি পক্ষ পরিকল্পিতভাবে বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছে এবং ভয়ভীতির পরিবেশ তৈরির চেষ্টা করছে। তিনি বলেন, ভোটকেন্দ্র দখল বা আতঙ্ক সৃষ্টি করে মানুষকে ভোট দেওয়া থেকে বিরত রাখার চেষ্টা সফল হবে না।

শুক্রবার সকালে রাজধানীর ভাটারা থানা এলাকায় নির্বাচনী প্রচারণা শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন নাহিদ ইসলাম। সকাল সাড়ে সাতটা থেকে নয়টা পর্যন্ত তিনি শাপলাকলি প্রতীকের পক্ষে ভোট চাইতে ভাটারা এলাকায় গণসংযোগ করেন। পরে ভাটারা থানার পাশে বাঁশতলা সড়কে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন তিনি। এতে এনসিপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, জনগণ নিজের ভোটের অধিকার সম্পর্কে সচেতন। কেউ ভয় দেখিয়ে বা কেন্দ্র দখল করে জনগণের রায় কেড়ে নিতে পারবে না। তাঁর ভাষায়, “মানুষ নিজেরাই ভোটকেন্দ্র পাহারা দেবে এবং প্রকৃত প্রতিনিধিকে নির্বাচিত করবে।”

সমাবেশ শেষে এনসিপি ও জামায়াতের নেতা-কর্মীরা একটি নির্বাচনী পথসভা নিয়ে বাঁশতলা থেকে রামপুরা ব্রিজের দিকে অগ্রসর হন। একই দিনে রামপুরা উত্তর ও দক্ষিণ এলাকায় আরও নির্বাচনী প্রচার চালানোর কথা রয়েছে নাহিদ ইসলামের। ঢাকা-১১ আসনটি রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিলের অংশবিশেষ নিয়ে গঠিত।

বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, এনসিপি পরিবারতন্ত্র, বৈষম্য ও দুর্নীতির রাজনীতিকে প্রত্যাখ্যান করে ইনসাফ, সুশাসন ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়েছে। তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ভোটের আগে ঘরে ঘরে গিয়ে মানুষের আস্থা অর্জন করতে হবে এবং ভোটের দিন সবাইকে কেন্দ্রে উপস্থিত হতে উৎসাহিত করতে হবে। একই সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

এনসিপির আহ্বায়ক বলেন, ১৬ বছর ধরে চলা ফ্যাসিবাদী শাসনের পর এবারের নির্বাচন একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তোলার সুযোগ। তিনি উল্লেখ করেন, গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতা, শ্রমিক ও সাধারণ মানুষ রক্ত দিয়েছে শুধু সরকার পরিবর্তনের জন্য নয়, বরং গণতন্ত্র, সাম্য ও দেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে।

তিনি আরও বলেন, এবারের নির্বাচন কেবল ক্ষমতার পালাবদলের বিষয় নয়; এটি রাষ্ট্রকাঠামো সংস্কার এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লড়াই। ঢাকা-১১ আসনের বাস্তব চিত্র তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস, যানজট এবং গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ নানা সমস্যা বিদ্যমান। নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

নাহিদ ইসলাম জানান, ১০ দলীয় জোট নির্বাচনের মাধ্যমে সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করবে এবং সরকার গঠন করে দেশ পরিচালনার দায়িত্ব নেবে। তাঁর মতে, জনগণের সমর্থনই এই পরিবর্তনের প্রধান শক্তি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন