- ০৫ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার পরিচালনার দায়িত্ব পেলে তারা অলীক কল্পনা বা অবাস্তব প্রতিশ্রুতির পথে হাঁটবেন না। বরং যুক্তি, বাস্তবতা ও ন্যায়বিচারের ভিত্তিতে একটি ইনসাফভিত্তিক উন্নয়ন কাঠামো গড়ে তুলতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন।
শুক্রবার সকাল ৯টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে উত্তরবঙ্গ সফরের উদ্দেশে যাত্রার আগে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে উত্তরাঞ্চলের আটটি জেলায় সফরের মধ্য দিয়ে জামায়াতের নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু করেছেন তিনি।
ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, ভোট দেওয়া কেবল একটি নাগরিক অধিকার নয়, বরং এটি একটি দায়িত্বশীল ও গুরুত্বপূর্ণ আমানত। প্রত্যেক ভোটারকে নিজের বিবেক ও পছন্দ অনুযায়ী নির্ভয়ে ভোট প্রয়োগ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, একটি ভোটই নির্ধারণ করে দেয়, আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কার হাতে যাবে। এবারের নির্বাচনে ভোটাররা দুটি ভোট দেওয়ার সুযোগ পাবেন উল্লেখ করে তিনি জানান, একটি ভোট সরকার গঠনের জন্য এবং অপরটি জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটে।
গণভোট প্রসঙ্গে ডা. শফিকুর রহমান ভোটারদের ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের স্থবির ও ক্ষয়িষ্ণু রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সম্প্রীতি ও সংস্কারমূলক রাজনীতির পথে এগিয়ে যেতে হলে গণভোটে ইতিবাচক রায় প্রয়োজন।
তিনি আরও বলেন, যারা গত পাঁচ দশকের পুরোনো ও পচে যাওয়া রাজনৈতিক ধারার পরিবর্তন চান, রাজনীতিতে মৌলিক সংস্কার প্রত্যাশা করেন—তাঁরাই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন বলে তিনি আশা করেন।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত এককভাবে নয়, দেশপ্রেমিক ও ইসলামী দলগুলোর সমন্বয়ে একটি বৃহত্তর ঐক্যের মাধ্যমে নির্বাচনে অংশ নিচ্ছে। কিছু মতপার্থক্য থাকলেও এই প্রয়াস সামগ্রিক ও অন্তর্ভুক্তিমূলক বলে তিনি উল্লেখ করেন। তাঁর ভাষায়, “আমরা জাতিকে জানিয়েছি—আমরা একা নই, সবাইকে সঙ্গে নিয়েই বাংলাদেশ গড়ব। আমাদের স্লোগান, ‘এসো একসাথে গড়ি বাংলাদেশ।’”
তিনি বলেন, ঢাকার বাইরে এই সফরের মধ্য দিয়ে মাঠপর্যায়ের রাজনৈতিক কার্যক্রম শুরু হলো। জনগণের ভাবনা ও প্রত্যাশা বুঝে, তাদের প্রতি সম্মান রেখে জামায়াত এগিয়ে যেতে চায়। দেশবাসীর সমর্থনে সরকার গঠনের সুযোগ পেলে তারা বাস্তবসম্মত পরিকল্পনার মাধ্যমে ন্যায়ভিত্তিক উন্নয়ন নিশ্চিত করবেন বলে আশ্বাস দেন তিনি।
দলীয় সূত্র জানায়, শুক্রবার শফিকুর রহমান পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও এবং বিভাগীয় শহর রংপুরে আয়োজিত জনসভাগুলোতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
শনিবার সকালে তিনি জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর সকাল ১০টায় গাইবান্ধার পলাশবাড়ীতে জনসভায় অংশ নেবেন। একই দিন দুপুরে বগুড়া, বিকেলে সিরাজগঞ্জ এবং সন্ধ্যায় পাবনায় পৃথক জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সফর শেষে তিনি সড়কপথে ঢাকায় ফিরবেন।