- ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁদের নির্বাচনী এজেন্টদের চলাচলে ব্যবহৃত যানবাহন নিয়ে বিস্তারিত নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্দেশনায় বলা হয়েছে, ভোটের দিন একজন প্রার্থী ও তাঁর একজন নির্বাচনী এজেন্ট পৃথকভাবে একটি করে ছোট আকারের যানবাহন ব্যবহার করতে পারবেন। এসব যানবাহনের মধ্যে জিপ, ব্যক্তিগত কার, মাইক্রোবাস, সিএনজি চালিত অটোরিকশা কিংবা অটোরিকশা অন্তর্ভুক্ত থাকবে।
প্রতিটি যানবাহনে বৈধ লাইসেন্সধারী চালকসহ সর্বোচ্চ পাঁচজন আরোহী থাকতে পারবেন। প্রার্থীর নিরাপত্তায় নিয়োজিত গানম্যান থাকলে তাকেও এই পাঁচজনের মধ্যেই গণনা করা হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
তবে যেসব এলাকায় মোটরসাইকেল ছাড়া অন্য কোনো যান চলাচলের সুযোগ নেই, সেখানে প্রার্থী ও নির্বাচনী এজেন্ট প্রত্যেকে সর্বোচ্চ দুটি করে মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন। প্রতিটি মোটরসাইকেলে চালকসহ দুইজনের বেশি অবস্থান করতে পারবেন না।
নৌপথে চলাচলের ক্ষেত্রেও আলাদা নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, নৌযান ব্যবহার করলে প্রার্থী ও নির্বাচনী এজেন্ট প্রত্যেকে চালকসহ সর্বোচ্চ পাঁচজন নিয়ে চলাচল করতে পারবেন।
এ ছাড়া প্রার্থী, নির্বাচনী এজেন্ট ও গানম্যান ছাড়া অন্য কোনো ব্যক্তি যদি যানবাহনে অবস্থান করেন, তাহলে তাঁদের অবশ্যই সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে পরিচয়পত্র সংগ্রহ করতে হবে। পাশাপাশি রিটার্নিং কর্মকর্তা প্রদত্ত স্টিকার সংশ্লিষ্ট যানবাহনে দৃশ্যমানভাবে প্রদর্শনের নির্দেশও দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও স্পষ্ট করে বলা হয়েছে, প্রার্থী ও নির্বাচনী এজেন্ট ছাড়া তাঁদের সঙ্গে থাকা অন্য কোনো ব্যক্তি ভোটকেন্দ্রের চৌহদ্দির মধ্যে প্রবেশ করতে পারবেন না।