Sunday, September 27, 2026

ভাংতি টাকা না দেওয়াকে কেন্দ্র করে রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা


প্রতীকী ছবিঃ লাশের (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। রাজশাহী

রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে আবদুল বারী (৪০) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হামলাকারীরা প্রথমে তার দোকানে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়। পরে দোকান থেকে বেরিয়ে আসা বারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে নগরীর রাজপাড়া থানার বাকির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুল বারী ওই এলাকার বদরুল সরকারের ছেলে।

নিহতের স্বজন ও পুলিশের ভাষ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যার পর নগরীর চন্ডিপুর এলাকার কয়েকজন যুবক বাকির মোড় এলাকায় আসে। একপর্যায়ে তারা বারীর মুদি দোকানে গিয়ে টাকা ভাংতি করতে চান। তবে বারী টাকা ভাংতি দিতে পারবেন না বলে জানান। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি হাতাহাতি পর্যন্ত গড়ায়।

স্বজনদের অভিযোগ, ওই ঘটনার জের ধরেই রাতের দিকে ৫০ থেকে ৫৫ জনের একটি দল দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা নিয়ে বারীর বাড়ি ও দোকানের সামনে যায়। তারা প্রথমে দোকানের শাটারের তালা ভেঙে ফেলে। এরপর পেট্রোল বোমা ছুড়ে দোকানে আগুন ধরিয়ে দেয়।

দোকানে আগুন জ্বলতে দেখে বারীসহ পরিবারের সদস্যরা বাইরে বেরিয়ে আসেন। এ সময় হামলাকারীরা বারীকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে হামলাকারীরা ঘটনাস্থল ছেড়ে গেলে স্থানীয়রা গুরুতর আহত বারীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

তিনি জানান, রোববার দুপুর পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ওসি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এজাহারে আসামিদের নাম ও ঘটনার বিস্তারিত তথ্য পাওয়ার পর তাদের গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন