Thursday, April 16, 2026

উত্তর আমেরিকায় ‘দম’-এর দাপট, দ্বিতীয় সপ্তাহে বাড়ছে প্রেক্ষাগৃহের সংখ্যা


প্রতীকী ছবিঃ ‘দম’ সিনেমার পোস্টার (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

উত্তর আমেরিকায় মুক্তির পর দর্শকদের ইতিবাচক সাড়া পেয়ে প্রদর্শনের পরিসর বাড়াচ্ছে দম। নির্মাতা রেদওয়ান রনি পরিচালিত এই সিনেমাটি প্রথম সপ্তাহের সফলতার ধারাবাহিকতায় দ্বিতীয় সপ্তাহে আরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

ছবিটির উত্তর আমেরিকার পরিবেশক বায়োস্কোপ ফিল্মস জানিয়েছে, আগামী ১৭ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও কানাডার মোট ৫৮টি হলে ‘দম’ প্রদর্শিত হবে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে ৫০টির বেশি এবং কানাডায় ৮টি প্রেক্ষাগৃহ রয়েছে।

প্রথম সপ্তাহে নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস ও ফিনিক্সসহ কয়েকটি শহরে মুক্তি পেয়ে দর্শকদের প্রশংসা কুড়ায় সিনেমাটি। এই সাফল্যের ধারাবাহিকতায় দ্বিতীয় সপ্তাহে নতুন নতুন শহরে প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিউইয়র্কের কিউ গার্ডেনসে ছবিটি প্রদর্শন অব্যাহত থাকবে, পাশাপাশি লং আইল্যান্ডের শোকেস ফার্মিংডেল প্রেক্ষাগৃহও নতুন করে যুক্ত হয়েছে।

ছবিটিতে অভিনয় করেছেন আফরান নিশো ও পূজা চেরী। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী ও ডলি জহুর।

পরিবেশক সূত্রে জানা গেছে, ১৭ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সময়টিকে বিশেষভাবে ‘দম’ সপ্তাহ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই সময়ে যুক্তরাষ্ট্রের টেক্সাস, ফ্লোরিডা, বোস্টন, সান ফ্রান্সিসকো, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, মিশিগানসহ বিভিন্ন অঙ্গরাজ্যে সিনেমাটি প্রদর্শিত হবে।

প্রযোজকরা জানিয়েছেন, দর্শকদের আগ্রহ ও ভালোবাসার কারণেই বিদেশের মাটিতে বাংলা সিনেমার এই বিস্তার সম্ভব হচ্ছে। তারা আশা প্রকাশ করেছেন, প্রবাসী দর্শকদের সমর্থনে ছবিটি আরও সাফল্য পাবে।

এদিকে দেশের প্রেক্ষাগৃহেও টানা চতুর্থ সপ্তাহে প্রদর্শিত হচ্ছে ‘দম’। একটি বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত এই সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনায় রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন