- ১৬ এপ্রিল, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
দেশের বিভিন্ন অঞ্চলের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৩ জন শিক্ষক ও কর্মচারীকে এমপিও সংক্রান্ত শুনানিতে অংশ নেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ২০ এপ্রিল সকাল ১০টায় এই শুনানি অনুষ্ঠিত হবে।
মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুনানিটি অনুষ্ঠিত হবে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড-এর সভাকক্ষে। বোর্ডের ৩ নম্বর ভবনের ষষ্ঠ তলায় এ আয়োজন করা হবে।
জানা গেছে, এই শুনানিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন পদে কর্মরতদের এমপিওভুক্তি, বকেয়া অর্থ পরিশোধ, এমপিও স্থগিত বা পুনর্বহাল সংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনা করা হবে। সংশ্লিষ্টদের নিয়োগ সংক্রান্ত কাগজপত্রসহ প্রয়োজনীয় তথ্য যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
শুনানিতে অংশগ্রহণকারীদের নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বরাবর প্রয়োজনীয় আবেদনপত্র ও সহায়ক নথিপত্র সঙ্গে আনার নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই প্রক্রিয়ার মাধ্যমে দীর্ঘদিনের ঝুলে থাকা এমপিও সংক্রান্ত সমস্যাগুলোর সমাধান এবং স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে।