Thursday, April 16, 2026

বিসিএস নিয়োগে অনিয়মের অভিযোগে তদন্ত চলছে, প্রতিবেদন পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী


প্রতীকী ছবিঃ জনপ্রশাসন মন্ত্রণালয় (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

বিসিএস ক্যাডার নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগ নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি বলেছেন, দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিষয়টি অনুসন্ধান করছে এবং তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য তুলে ধরেন তিনি। এদিন অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বিগত সময়ে প্রশাসন ক্যাডারে একাধিক শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছিল। এর মধ্যে কয়েকজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, কিছু কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ এবং অনেককে ওএসডি করা হয়।

তিনি বলেন, বিসিএস নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্বের অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট সংস্থার তদন্ত শেষে সুপারিশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে সরকারি শূন্যপদ পূরণে একটি সমন্বিত পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এই পরিকল্পনার আওতায় ধাপে ধাপে হাজারো শূন্যপদে নিয়োগ সম্পন্ন করা হবে।

তার তথ্য অনুযায়ী, আগামী ছয় মাসে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রায় ২ হাজার ৮৭৯টি পদে, এক বছরের মধ্যে ৪ হাজার ৪৫৯টি এবং পাঁচ বছরের মধ্যে আরও ৩ হাজার ১১০টি পদে নিয়োগ দেওয়া হবে।

সরকারের লক্ষ্য হিসেবে তিনি উল্লেখ করেন, সারাদেশে প্রায় ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ নিশ্চিত করা। এ লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগকে তাদের শূন্যপদের হালনাগাদ তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন