- ০১ অক্টোবর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১টার দিকে নদ থেকে ১০ বছর বয়সী মো. আবু ইউনুসের মরদেহ উদ্ধার করা হয়। অপর শিশু নিরবকে (৯) উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছেন ডুবুরিরা।
আবু ইউনুস টঙ্গীর বউবাজার এলাকার আলী কমিশনারের বাড়ির ভাড়াটিয়া শাহজাহান মিয়ার ছেলে।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে টঙ্গীর তুরাগ নদের জামাই বাজার রেলওয়ে ব্রিজের নিচে মাছ ধরতে যায় আবু ইউনুস ও নিরব। একপর্যায়ে নদে সৃষ্ট তীব্র স্রোতে তারা ভেসে গিয়ে নিখোঁজ হয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা দ্রুত টঙ্গী ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে শিশু দুটিকে উদ্ধারে তল্লাশি শুরু করে। তবে সন্ধ্যার পর আলো কমে যাওয়া ও আবহাওয়া প্রতিকূল হয়ে পড়ায় বুধবার রাত সাড়ে ৭টার দিকে প্রথম দিনের উদ্ধার অভিযান স্থগিত করা হয়।
বৃহস্পতিবার সকালে আবারও নদে তল্লাশি শুরু করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। কয়েক ঘণ্টার চেষ্টার পর দুপুর ১টার দিকে নদ থেকে আবু ইউনুসের মরদেহ উদ্ধার করা হয়।
টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশু দুটির নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর বুধবার বিকেল থেকেই উদ্ধার অভিযান শুরু করা হয়। অন্ধকারের কারণে রাতে অভিযান বন্ধ রাখতে হলেও বৃহস্পতিবার সকাল থেকে ডুবুরি দল আবারও তল্লাশি শুরু করে। পরে দুপুর ১টার দিকে আবু ইউনুসের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।