Thursday, March 12, 2026

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু, স্পিকার নির্বাচিত হাফিজ উদ্দিন আহমদ


ছবিঃ মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে শপথ নিচ্ছেন আহমেদ আজম খান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার বেলা ১১টা ৫ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়েছে। অধিবেশনের শুরুতে স্পিকারের আসন শূন্য রেখেই কার্যক্রম শুরু হয়।

অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দেন। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন আন্দোলনে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর অবদানের কথা স্মরণ করেন। প্রধানমন্ত্রী বলেন, দল-মত নির্বিশেষে দেশের সব মানুষের কল্যাণে কাজ করাই সরকারের লক্ষ্য এবং একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

এরপর অধিবেশনে সভাপতিত্বের জন্য জ্যেষ্ঠ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন-এর নাম প্রস্তাব করেন প্রধানমন্ত্রী। প্রস্তাবটি সমর্থন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিরোধী দলের উপনেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের-ও এই প্রস্তাবের প্রতি সমর্থন জানান।

পরবর্তীতে স্পিকার পদে নির্বাচনের জন্য একমাত্র মনোনয়ন পাওয়ায় ভোলা–৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ স্পিকার নির্বাচিত হন। সংসদে প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নুরুল ইসলাম এবং তা সমর্থন করেন হুইপ রকিবুল ইসলাম। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি গৃহীত হয়।

এরপর ডেপুটি স্পিকার পদে একমাত্র প্রার্থী হিসেবে ভূমি প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য কায়সার কামাল নির্বাচিত হন। এ প্রস্তাব উত্থাপন করেন সরকারি দলের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার এবং সমর্থন করেন হুইপ আশরাফ উদ্দীন নিজান।

পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার কায়সার কামালকে শপথবাক্য পাঠ করান।

একই দিনে মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে টাঙ্গাইল–৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খান শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পড়ান এবং মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি নতুন মন্ত্রীর নাম ঘোষণা করেন।

অধিবেশনের এক পর্যায়ে জোহরের নামাজের জন্য স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রায় ২০ মিনিটের বিরতি ঘোষণা করেন। সে সময় কারিগরি ত্রুটির কারণে সংসদের মাইক কাজ না করায় তিনি হ্যান্ডমাইকের মাধ্যমে বিরতির ঘোষণা দেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন