Thursday, March 12, 2026

সিদ্ধিরগঞ্জে দুই দিনে দুই লাশ উদ্ধার, এক ছিনতাইকারী গণপিটুনিতে নিহত


প্রতীকী ছবিঃ মারামারি (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় পরপর দুই দিনে দুটি লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি গণপিটুনিতে নিহত এক ছিনতাইকারীর এবং অপরটি খালের পানিতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ। পুলিশ জানিয়েছে, নিহত ছিনতাইকারীর পরিচয় শনাক্ত করা গেলেও খাল থেকে উদ্ধার হওয়া মরদেহটির পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ মার্চ ভোরে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা মোড় এলাকায় একটি অটোরিকশা থামিয়ে তিনজন সশস্ত্র ব্যক্তি ছিনতাইয়ের চেষ্টা করে। তারা হুন্ডা মোটরসাইকেলে এসে যাত্রীদের দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ও মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল।

এ সময় পাশ দিয়ে যাওয়া আরেকটি অটোরিকশার যাত্রীরা ঘটনাটি টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত সেখানে জড়ো হন। স্থানীয়দের ধাওয়া খেয়ে তিন ছিনতাইকারীর মধ্যে দুইজন পালিয়ে যেতে সক্ষম হলেও একজন ধরা পড়ে। পরে ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় উত্তেজিত জনতা ছিনতাইকারীদের ফেলে যাওয়া মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেয়।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, নিহত ব্যক্তির নাম জাকারিয়া হোসেন হৃদয়। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চন্দ্রনারায়ণপুর গ্রামের বাসিন্দা দারুল হুদার ছেলে। হৃদয় সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকার ওসমাগনি রোডে ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করতেন। ঘটনাস্থল থেকে একটি চাকু ও একটি চাইনিজ চাপাতি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত পালিয়ে যাওয়া দুই সহযোগীকে গ্রেপ্তারের বিষয়ে এখনো কোনো অগ্রগতি হয়নি।

অন্যদিকে, ৯ মার্চ সকালে সিদ্ধিরগঞ্জের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি এলাকার একটি খাল থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা খালের পানিতে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হতে পারে। মরদেহটি আংশিক পচে যাওয়ায় ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এছাড়া এখন পর্যন্ত নিখোঁজ কোনো ব্যক্তির সন্ধানে থানায় কেউ যোগাযোগও করেনি।

পুলিশ জানিয়েছে, অজ্ঞাত ওই মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন