Thursday, March 12, 2026

ঈদযাত্রা শুরু: যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ২ কোটি ৪৩ লাখ টাকা


ছবিঃ যমুনা সেতুতে টোলে ২৪ ঘণ্টায় টোল আদায় ২ কোটি ৪৩ লাখ টাকা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

ঈদুল ফিতরকে সামনে রেখে উত্তর ও দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর সংযোগস্থল যমুনা সেতুতে যানবাহন চলাচল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বাড়তি যানবাহন চলাচলের কারণে গত ২৪ ঘণ্টায় সেতুতে প্রায় আড়াই কোটি টাকার টোল আদায় হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে মোট ২ কোটি ৪৩ লাখ ১৪ হাজার ৮৫০ টাকা টোল আদায় করা হয়েছে। এ সময় মোট ২৪ হাজার ২৫৬টি যানবাহন সেতু পারাপার করেছে।

এর মধ্যে সেতুর পূর্ব প্রান্ত থেকে আদায় হয়েছে ১ কোটি ২৩ লাখ ৬৩ হাজার ৯০০ টাকা টোল। এই পাশ দিয়ে পারাপার করেছে ১১ হাজার ৮৪৯টি যানবাহন। অপরদিকে পশ্চিম প্রান্ত থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার ৯৫০ টাকা এবং এ পাশ দিয়ে সেতু অতিক্রম করেছে ১২ হাজার ২৫৬টি যানবাহন।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদকে ঘিরে ধীরে ধীরে সেতুতে যানবাহনের চাপ বাড়ছে। প্রতিদিনই পারাপারের সংখ্যা বাড়ছে, কারণ অনেক মানুষ ঈদের ছুটি উপলক্ষে আগেভাগেই গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দিচ্ছেন।

তিনি আরও জানান, ঈদের সময় ঘরমুখো মানুষের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ফলে যানবাহনের চাপ ও টোল আদায়ের পরিমাণ স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণ বা তারও বেশি হতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন