- ১২ মার্চ, ২০২৬
PNN নিউজ ডেস্ক। মানিকগঞ্জ
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ফেরি থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি তেলবাহী ট্রাক পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ট্রাকচালক আহত হয়েছেন।
বুধবার (১১ মার্চ) রাত প্রায় ৮টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।
আহত ট্রাকচালক মো. শরিফুল ইসলাম (৪০) সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ি এলাকার নোকালী গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় উদ্ধারকারী দল তাকে জীবিত উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাবনার দাশুরিয়া এলাকা থেকে রাইজবার্ন অয়েল নিয়ে একটি ট্রাক নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা দেয়। রাতের দিকে ‘শাহ মাখদুম’ নামের একটি ফেরি পাটুরিয়া ঘাটে পৌঁছালে ট্রাকটি নামানোর সময় চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি ঘাটের র্যাম্প থেকে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঘাট এলাকায় মুহূর্তের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও ঘাট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে ডুবুরিদলের সদস্যরা নদীতে নেমে ট্রাকচালককে জীবিত উদ্ধার করতে সক্ষম হন।
এ বিষয়ে আরিচা স্থলবন্দর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর নাদির হোসেন জানান, ফেরি থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি নদীতে পড়ে যায়। দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
তিনি আরও জানান, ট্রাকটিতে রাইজবার্ন অয়েল বহন করা হচ্ছিল। ঘটনাস্থলে নদীর গভীরতা প্রায় ৪০ থেকে ৫০ ফুট হওয়ায় ট্রাকটি তলিয়ে গেছে।
জানা গেছে, পাবনা হয়ে বিকল্প সড়ক ব্যবহার করে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট হয়ে পাটুরিয়া পার হয়ে নারায়ণগঞ্জে যাওয়ার কথা ছিল ট্রাকটির। দুর্ঘটনার পর ট্রাকটি উদ্ধারের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।