- ২০ অক্টোবর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। পাবনা
পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের তিন শীর্ষ নেতাকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) রাতে রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র শহিদুল ইসলাম রতন এবং ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান।
পুলিশের বরাত দিয়ে তিনি জানান, সোমবার রাতে মোহাম্মদপুর থানার ইকবাল রোডে প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারের পাশের একটি ভবনের পঞ্চম তলায় অভিযান চালিয়ে ওই তিন নেতাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর ঈশ্বরদী ও আটঘরিয়া থেকে ঢাকায় গিয়ে আত্মগোপনে ছিলেন তাঁরা। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মুঠোফোনে নিয়মিত যোগাযোগ রাখার পাশাপাশি রাজধানীতে অবস্থান করে নিজ নিজ এলাকায় দলীয় কার্যক্রম জোরদারের চেষ্টা চালাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।
ওসি আসাদুর রহমান জানান, গ্রেপ্তার তিন নেতার বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। তাঁদের মধ্যে আবুল কালাম আজাদ মিন্টু বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর আত্মগোপনে ছিলেন বলে পুলিশ জানিয়েছে। অন্যদিকে, মকলেছুর রহমান মিন্টু ও শহিদুল ইসলাম রতন ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন।
গ্রেপ্তার তিন নেতার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিস্তারিত তথ্য এবং তাঁদের পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।