Sunday, June 14, 2026

তরুণদের নেতৃত্বে এগিয়ে যাবে দেশ, যুবদলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের


ছবিঃ রাজধানীর জিয়া উদ্যানে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

তরুণ প্রজন্মের হাতে নেতৃত্ব ও দায়িত্ব তুলে দিয়েই দেশকে উন্নয়ন ও গণতন্ত্রের পথে এগিয়ে নিতে চায় সরকার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি যুবদলের নবনির্বাচিত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান।

রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, দেশের অগ্রগতি ও গণতান্ত্রিক মূল্যবোধকে সুসংহত করতে তরুণদের সক্রিয় ভূমিকা অপরিহার্য। যুবসমাজের শক্তি ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বর্তমান সময়ে যুব কর্মসংস্থান নিশ্চিত করা এবং সীমান্তে মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধ করা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এসব সমস্যা মোকাবিলায় কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, যুবসমাজকে সঠিক পথে রাখতে হলে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে হবে। পাশাপাশি মাদকাসক্তি ও সামাজিক অবক্ষয় থেকে তরুণদের রক্ষায় সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি।

এর আগে সকালে যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতারা জিয়া উদ্যানে এসে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে যুবদলের নতুন নেতৃত্ব দেশের তরুণ সমাজের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, মাদকমুক্ত সমাজ গঠন এবং জাতীয় স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, সংগঠনের আগামী দিনের কার্যক্রমে যুবসমাজের ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠানে বিএনপি এবং যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। নতুন কমিটির যাত্রা উপলক্ষে উপস্থিত নেতারা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন