Sunday, October 18, 2026

সংবিধান সংশোধন কমিটিতে যাবে না এনসিপি, গণভোটের রায় বাস্তবায়নের দাবি


ছবিঃ সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে না এনসিপি : আখতার হোসেন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

সরকারের গঠিত সংবিধান সংশোধন কমিটিকে একদলীয় আখ্যা দিয়ে এতে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সদস্যসচিব আখতার হোসেনের দাবি, গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে সংশোধন কমিটির মাধ্যমে এগোলে সংস্কারের মূল লক্ষ্য ব্যাহত হবে।

শনিবার (১৭ অক্টোবর) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জুলাই সনদ স্বাক্ষরের বর্ষপূর্তিকে সামনে রেখে সরকারকে সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

আখতার হোসেন বলেন, সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকলেই সংবিধান সংশোধনের উদ্যোগ এগিয়ে নেওয়া সম্ভব নয়, যদি তাতে জনগণের রায়ের প্রতিফলন না ঘটে। তাঁর মতে, একদলীয় সংবিধান সংশোধন কমিটি গঠন সংস্কারের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করবে এবং সংস্কারের উদ্যোগকে ব্যর্থ করে দেওয়ার শামিল।

এনসিপির সদস্যসচিব বলেন, সরকারকে আবারও আহ্বান জানানো হচ্ছে, বর্তমান সংশোধন কমিটি বিলুপ্ত করে গণভোটের রায় অনুসারে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। জুলাইয়ের গণ-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে দেশের বিদ্যমান সাংবিধানিক কাঠামোয় প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে, যাতে বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে এগিয়ে যেতে পারে।

সরকারের সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি নিয়েও প্রশ্ন তোলেন আখতার হোসেন। তিনি বলেন, অতীতে ১৯৯০ সালের গণ-অভ্যুত্থানের পর তিন জোটের রূপরেখা বাস্তবায়ন না করার যে অভিজ্ঞতা রয়েছে, তা থেকে তাঁদের আশঙ্কা, বর্তমান সরকারও জুলাইয়ের সংস্কার প্রস্তাব বাস্তবায়নে পিছিয়ে যেতে পারে।

তিনি আরও বলেন, জনগণের সঙ্গে প্রতারণা করে দীর্ঘদিন রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব নয়। সংখ্যাগরিষ্ঠতার জোরে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হলেও সেখানে জনগণের মতামত ও গণভোটের রায়কে উপেক্ষা করা হলে তা গ্রহণযোগ্য হবে না।

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে বিএনপির ভূমিকার সমালোচনা করে আখতার হোসেন অভিযোগ করেন, দলটি সনদ বাস্তবায়নের কথা বললেও বাস্তবে সংস্কারের অর্জনগুলো পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাঁর ভাষ্য, সংস্কারের যেসব বিষয়ে অগ্রগতি হয়েছে, সেগুলো থেকে সরে আসার প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণেই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে টালবাহানা করা হচ্ছে বলে তিনি মনে করেন।

সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংস্কার বাস্তবায়ন কমিটির উপপ্রধান সারোয়ার তুষারও সরকারের সংবিধান সংশোধন কমিটির সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, এ কমিটি গঠনের মাধ্যমে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে এবং জুলাই সনদের মূল লক্ষ্য থেকে সরে যাওয়ার চেষ্টা চলছে।

সারোয়ার তুষার বলেন, গণভোটের রায় অনুযায়ী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সংস্কার বাস্তবায়ন করতে হবে। তা না হলে বিরোধী দলের আন্দোলন বৃহত্তর গণ-আন্দোলনে রূপ নিতে পারে বলে তিনি সতর্ক করেন।

এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সালেহউদ্দিন সিফাতের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুগ্ম সদস্যসচিব ফরিদুল হকসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে এনসিপি স্পষ্ট করে জানায়, বর্তমান সংবিধান সংশোধন কমিটিতে তাদের অংশগ্রহণের পরিকল্পনা নেই। দলটির দাবি, গণভোটের রায়কে ভিত্তি করেই সংবিধান সংস্কারের পরবর্তী পদক্ষেপ নিতে হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন