Sunday, October 18, 2026

গোদাগাড়ীতে আমির হামজার তাফসির মাহফিল হচ্ছে না, অনুমতি মেলেনি প্রশাসনের


ফাইল ছবিঃ মুফতি আমির হামজা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ীতে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজার অংশ নেওয়ার কথা থাকা তাফসির মাহফিল আয়োজনের অনুমতি দেয়নি উপজেলা প্রশাসন। সোমবার (১৯ অক্টোবর) বিকেল থেকে গোদাগাড়ী মহিলা কলেজ মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের আগেই আয়োজনটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকেরা।

রোববার (১৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন আয়োজক সংগঠন মানব কল্যাণ পরিষদের সভাপতি ইসমাইল হক। তিনি জানান, প্রশাসনের পক্ষ থেকে মৌখিকভাবে মাহফিল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ কারণে আমন্ত্রিত অতিথিদের ফোন করে অনুষ্ঠানে না আসার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে মাঠে তৈরি করা প্যান্ডেলও খুলে ফেলা হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, মানব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এ তাফসির মাহফিল ঘিরে গত কয়েক দিন ধরে গোদাগাড়ীসহ আশপাশের এলাকা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে প্রচার চালানো হচ্ছিল। অনুষ্ঠানের জন্য বড় প্যান্ডেল তৈরির কাজও চলছিল।

মাহফিলে সভাপতিত্ব করার কথা ছিল রেলবাজার দারুস সুন্নাহ ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ আবু মুহাম্মদ বজলুর রহমান মাদানীর। প্রধান অতিথি হিসেবে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমানের নাম ঘোষণা করা হয়েছিল। এ ছাড়া স্থানীয় জামায়াত নেতা ওবাইদুল্লাহর অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। প্রধান আলোচক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল সংসদ সদস্য মুফতি আমির হামজাকে। আয়োজকদের দাবি, তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতিও দিয়েছিলেন।

আয়োজকেরা জানান, মাহফিল আয়োজনের অনুমতি চেয়ে গত ১৩ অক্টোবর গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে আবেদন করা হয়। এরপর শনিবার সকালে অনুমতির বিষয়ে জানতে ইউএনওর সঙ্গে দেখা করেন তাঁরা। তবে পুলিশি প্রতিবেদন না পাওয়ায় অনুমতি দেওয়া সম্ভব নয় বলে তাঁদের জানানো হয়।

মানব কল্যাণ পরিষদের সভাপতি ইসমাইল হক বলেন, প্রশাসনের পক্ষ থেকে মাহফিলের নিরাপত্তা-সংক্রান্ত প্রতিবেদন দিতে পুলিশকে অনুরোধ করা হয়েছিল। কিন্তু প্রতিবেদন না আসায় অনুমতির বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়। শেষ পর্যন্ত অতিথিদের সঙ্গে যোগাযোগ করে অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে গোদাগাড়ীর ইউএনও ইসরাত জাহান জানান, বিপুলসংখ্যক মানুষের সমাগম হয় এমন অনুষ্ঠানের অনুমতি দেওয়ার ক্ষেত্রে পুলিশি প্রতিবেদন প্রয়োজন। এ জন্য পুলিশের কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে। প্রতিবেদন না পাওয়া পর্যন্ত এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয় বলে জানান তিনি।

অন্যদিকে, এ বিষয়ে রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মো. মামুন অর রশিদ রোববার দুপুরে জানান, মুফতি আমির হামজার তাফসির মাহফিলের বিষয়টি তাঁর জানা নেই। উপজেলা বা জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশের কাছে কোনো প্রতিবেদন চাওয়া হয়ে থাকলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অনুমতি না দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হলেও পুলিশি প্রতিবেদন না পাওয়ার বাইরে অন্য কোনো কারণের কথা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানাননি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন