- ১৪ জুন, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে রাজধানীতে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল। এ সময় দলটির নেতাকর্মীরা বাজেটের বিভিন্ন দিকের প্রশংসা করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উন্নয়ন কর্মকাণ্ডের সফলতা কামনা করেন।
শনিবার বিকেলে রাজধানীর কাকরাইল মোড় থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি শুরু হয়। পরে এটি পল্টন ও কাকরাইল এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কাকরাইল মোড়ে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।
মিছিলে নেতৃত্ব দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ১ নম্বর সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে বাজেটের প্রতি সমর্থন জানান।
সমাবেশে বক্তারা বলেন, প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিকে গুরুত্ব দেওয়া হয়েছে। তারা আশা প্রকাশ করেন, বাজেটের কার্যকর বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। তার পরিকল্পনা ও নীতিনির্ধারণী উদ্যোগ দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাবে বলে তারা মনে করেন।
কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তারা বাজেট বাস্তবায়নে সরকারের সাফল্য কামনার পাশাপাশি দেশের সার্বিক অগ্রগতি ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।