Saturday, July 4, 2026

ট্রাম্পের ভাষণের পর যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় নতুন মাত্রা


ছবিঃ ডোনাল ট্রাম্প (সংগৃহীত)

আন্তর্জাতিক ডেস্ক। PNN 

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে দক্ষিণ ডাকোটার মাউন্ট রাশমোরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে দেওয়া ভাষণে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক রাজনীতি ও সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তার বক্তব্য ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে।

৩ জুলাই (শুক্রবার) রাতে দেওয়া ওই ভাষণে ট্রাম্প যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা ও বৈশ্বিক প্রভাবের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র অল্প সময়ের মধ্যেই ভেনেজুয়েলাকে পরাজিত করেছে এবং ইরানকে এমন অবস্থায় নিয়ে গেছে যে দেশটি এখন আলোচনায় বসতে বাধ্য হচ্ছে। ভাষণে তিনি আরও বলেন, “আমরা ভালো মানুষ বলেই খোমেনীর দাফন অনুষ্ঠানের জন্য তেহরানকে এক সপ্তাহের সময় দিয়েছি।”

ট্রাম্পের এই মন্তব্যকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, চলমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে এমন বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

এদিকে ইরানে আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি রাষ্ট্রীয় শোকানুষ্ঠান চলছে। শনিবার ও রোববার তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় তার কফিন সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো মানুষ শেষ শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত অনেকের হাতে লাল পতাকা দেখা যায়, যা সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে বিশেষ প্রতীকী তাৎপর্য বহন করছে।

আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, তেহরানের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ প্রথমে কোম শহরে নেওয়া হবে। পরে তা ইরাকের নাজাফ ও কারবালায় ধর্মীয় আনুষ্ঠানিকতার জন্য স্থানান্তর করা হবে। সর্বশেষ ইরানের মাশহাদ শহরে ইমাম রেজার মাজার প্রাঙ্গণে দাফন সম্পন্ন হবে বলে জানা গেছে।

বিশ্লেষকরা বলছেন, এই শোকযাত্রা শুধু একটি রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠান নয়, বরং ইরানের ধর্মীয় ও রাজনৈতিক আবেগের গুরুত্বপূর্ণ প্রকাশ হিসেবেও দেখা হচ্ছে।

একই সময়ে ট্রাম্পের কড়া বক্তব্য এবং তেহরানের শোকানুষ্ঠান আন্তর্জাতিক কূটনীতিতে নতুন চাপ তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি এখন আরও সংবেদনশীল পর্যায়ে পৌঁছেছে, যেখানে যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হচ্ছে।

বিশ্বের বিভিন্ন দেশ এখন নজর রাখছে শোকানুষ্ঠান শেষে ইরানের রাজনৈতিক অবস্থান এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক কোন দিকে মোড় নেয়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন